চট্টগ্রামে মলম পার্টির দলনেতাসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মলম পার্টির সদস্য সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। গত রোববার নগরের নিউমার্কেট ও সল্টগোলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন মলম পার্টির দলনেতা বলে পুলিশ জানায়। এ দলের আরও ১১ জনকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মলম পার্টির দলনেতার নাম মো. আবুল হাশেম (৩০)। তাঁর বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার উত্তর সাগরিয়া গ্রামে। তাঁর বাবার নাম নুরুজ্জামান। রোববার তাঁকে নগরের নিউমার্কেট এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁর তথ্যের ভিত্তিতে নগরের সল্টগোলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফেরদৌস ওরফে শফিককে (৩০)। শফিকের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারৈখালী গ্রামে। তাঁর বাবার নাম মোহাম্মদ সোবহান। জানা গেছে, হাশেম মাদ্রাসার ছাত্র ছিলেন। আর ফেরদৌস বাগেরহাটের একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। তাঁরা জানান, দুজনই আরবি শিক্ষায় শিক্ষিত হলেও খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে তাঁরা এ পেশায় যোগ দেন। চট্টগ্রাম নগর এলাকায় মলম পার্টির সদস্যদের সঙ্গে তাঁরা সমন্বয় করেন।হাশেম ও ফেরদৌস জানান, তাঁরাসহ মলম পার্টির সব সদস্য অটোরিকশা চালাতে পারেন। হাশেম টানা কয়েক বছর অটোরিকশার চালক ছিলেন। পরে তিনি মলম পার্টির সদস্য হন। প্রতিটি ঘটনার সময় তাঁরা দুটি অটোরিকশা ব্যবহার করতেন। সামনের অটোরিকশায় একজন যাত্রী তুলতেন। পেছনের অটোরিকশা থেকে ওই যাত্রীকে অনুসরণ করা হতো। একপর্যায়ে যাত্রীবাহী অটোরিকশায় উঠে ওই যাত্রীকে জিম্মি করে মালামাল লুট করে নেওয়া হতো।পুলিশ সূত্র জানায়, মো. বছির মিয়া নামের একজন ব্যবসায়ী গত ২৯ জুন নগরের ২ নম্বর গেট থেকে কোরবানিগঞ্জ যাওয়ার পথে আলমাস সিনেমা হলের কাছে মলম পার্টির খপ্পরে পড়েন। এ সময় সন্ত্রাসীরা তাঁর টাকা ও ব্যবহূত মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এক সপ্তাহ পর ৫ জুলাই নগরের বাসিন্দা সাফায়েত হোসেন গনি বেকারির কাছে মলম পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোনসেট হারান। এ দুটি ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে মলম বা মরিচের গুঁড়ো ব্যবহার করে ১৩ জন সন্ত্রাসী ছিনতাই করে। এদের দলনেতা হাশেম। তাকে আমরা নিউমার্কেট থেকে গ্রেপ্তার করেছি। তার তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করি একই দলের সদস্য ফেরদৌসকে। এ দলের আরও ১১ জনকে গ্রেপ্তার করা হলে চট্টগ্রামে মলম পার্টির অস্তিত্ব থাকবে না। হঠাৎ ঘটনা ঘটিয়ে এই দলের সদস্যরা শহর ছেড়ে চলে যায়।’পুলিশ সূত্র জানায়, মলম পার্টির মূল দলনেতা ছিলেন খোকন। তিনি সম্প্রতি মারা গেছেন। তাঁর স্থলাভিষিক্ত হন মিরাজ। নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর মালামাল লুটের ঘটনায় মিরাজকে গত ১৯ মার্চ চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মিরাজের অনুপস্থিতিতে মলম পার্টির নেতৃত্ব দিচ্ছিলেন হাশেম।হাশেম স্বীকার করেন, প্রতি মাসে সাত-আট দিন কাজ করে আবার হাতিয়ায় ফিরে যান। অটোরিকশার যাত্রীদের কাছ থেকে লুট করা মোবাইল ফোনসেট বিক্রি এবং নগদ টাকা ভাগাভাগি করে যা পেতেন, তা দিয়ে পুরো মাস চলে যেত। টাকা শেষ হয়ে গেলে আবার চট্টগ্রামে এসে মলম পার্টির সদস্যদের সংগঠিত করে ছিনতাই-কাজে নামানোর ব্যবস্থা করতেন। মলম পার্টির আরেক সদস্য ফেরদৌস দাবি করেন, তিনি খারাপ বন্ধুদের খপ্পরে পড়ে এ পেশায় আসেন।