চট্টগ্রামে মহিউদ্দিন ও তাঁর বিরোধীদের পৃথক সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের এক সপ্তাহ না পেরোতেই মহানগর আওয়ামী লীগের দুই পক্ষ গতকাল বুধবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক আলোচনা সভা করেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক অংশের সভা হয় মুসলিম ইনস্টিটিউট হলে। অপরদিকে নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসির সমর্থকেরা সভা করেন দামপাড়ায় দলের প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরীর বাসভবনে।দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিটি করপোরেশন নির্বাচনের আগে ঢাকায় চট্টগ্রামের নেতাদের ডেকে এনে নির্বাচনে মেয়র পদপ্রার্থী মহিউদ্দিনের পক্ষে কাজ করতে বলেছিলেন। তখন তাঁরা বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার কথাও বলেছিলেন। কিন্তু নির্বাচনে পরাজয়ের পর মহিউদ্দিন ও তাঁর সমর্থকেরা অভিযোগ করছেন, দলীয় কয়েকজন নেতা ও সাংসদের কারণেই ১৭ জুনের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয় ঘটেছে। গতকাল দুই পক্ষের বিরোধ আবার প্রকাশ্য হলো। মুসলিম হলের আলোচনা সভায় বক্তারা অভিযোগ করেন, কোটি কোটি টাকার খেলা, চক্রান্ত আর সাম্প্রদায়িক স্লোগান দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করা হয়েছে। নির্বাচনে পরাজিত হলেও তিনি সাধারণ মানুষের নেতা। নাগরিকদের বিপদে-আপদে তাঁকে কাছে পাবে নগরবাসী।এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সুনীল সরকার, খোরশেদ আলম, ইব্রাহীম হোসেন চৌধুরী, চন্দন ধর, বখতেয়ার উদ্দিন খান, ছাত্রলীগের নেতা মো. সালাহউদ্দিন এবং নবনির্বাচিত ছয়জন ওয়ার্ড কাউন্সিলর বক্তৃতা দেন। সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, নগর আওয়ামী লীগের ভেতর ঘুণ ধরেছে। সিটি নির্বাচন শেষ না হতেই ষড়যন্ত্রকারীরা পদ-পদবি পেতে ব্যস্ত হয়ে পড়েছে। এই মীরজাফররা আসলে চট্টগ্রাম আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তিনি বলেন, ‘নির্বাচনে স্বার্থান্বেষী মহল সাম্প্রদায়িক স্লোগান দিয়ে চক্রান্ত করেছে। তারপরও আমি সিটি নির্বাচন মেনে নিয়েছি। যারা সাম্প্রদায়িক উসকানি দিয়েছে, ভবিষ্যতে তাদের চক্রান্ত বন্ধ করতে হবে। নইলে চট্টগ্রামবাসী তাদের ক্ষমা করবে না।’মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘নির্বাচন শেষ না হতেই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক তৎপরতা শুরু হয়ে যাচ্ছে। একজন মহিলা শিক্ষককে বোরকা পরে ক্যাম্পাসে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। আমার জীবন থাকতে সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা চট্টগ্রাম নগরে বরদাশত করা হবে না। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশনের শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যব্যবস্থা দলীয়করণের চেষ্টা হলে রুখে দাঁড়ানো হবে। কারণ এসব নগরের ৫০ লাখ নাগরিকের সম্পদ।আবু ইউসুফ বলেন, মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করতে ৫০-৬০ কোটি টাকা খরচ করা হয়েছে। কারা এই টাকার ভাগ পেয়েছে তা বেরিয়ে আসছে। জনগণ তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে। অপর অংশের পৃথক কর্মসূচি: নুরুল ইসলাম বিএসসির সমর্থক অংশ কোতোয়ালি থানা আওয়ামী লীগের ব্যানারে আলাদাভাবে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এই অংশের কর্মসূচিতে ছিল শোভাযাত্রা ও আলোচনা সভা। সকালে শহীদ মিনার থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।বিকেলে প্রয়াত জহুর আহম্মদ চৌধুরীর দামপাড়ার বাসভবনে এই অংশের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এতে দলের প্রবীণ নেতা নূর মোহাম্মদ, শফিকুল ইসলাম, জামসেদুল আলম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সাবেক কাউন্সিলর জালাল উদ্দিন ইকবাল, তারেক সোলায়মান প্রমুখ বক্তব্য দেন।সভায় বক্তারা বলেন, সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হয়নি। ব্যক্তি পরাজিত হয়েছে। এক ব্যক্তির দাপটে নগর আওয়ামী লীগে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বক্তারা মহিউদ্দিন চৌধুরীর বাসায় গত মঙ্গলবার অনুষ্ঠিত বর্ধিত সভাকে ‘কথিত’ সভা উল্লেখ করে বলেন, নির্বাচনে পরাজয়ের জের ধরে এতে উদ্দেশ্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে।