চট্টগ্রামে মহিউদ্দিনকে অব্যাহতি দিয়েছেন মন্ত্রীর অনুসারীরা
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও কাজী এনামুল হক দানুকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাতে নগর আওয়ামী লীগের একাংশের প্রতিনিধি সভায় তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সভায় অ্যাডহক কমিটি করে তৃণমূল থেকে নগর আওয়ামী লীগকে সংগঠিত করার দাবি করা হয়।জানা গেছে, মহিউদ্দিন চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত নগর কমিটির সহসভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি এবং যুগ্ম সম্পাদক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের অনুসারীরা গতকাল এ প্রতিনিধি সভার আয়োজন করেন। মূলত মহিউদ্দিনের অনুসারীদের পাঠানো কারণ দর্শানোর চিঠির জবাব দিতে এ সভার আয়োজন করা হয়েছিল। এতে মন্ত্রী, সাংসদসহ নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বলেন, মহিউদ্দিন ও এনামুল হক দলের গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে সভায় অভিযোগ ওঠে। সাড়ে চার বছরেও তাঁরা নগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করতে ব্যর্থ হন। তৃণমূল পর্যায়ের প্রতিনিধিদের এসব অভিযোগের ভিত্তিতে তাঁদের কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এ-সংক্রান্ত চিঠি কেন্দ্রে পাঠানো হবে। নগরের লাভলেন এলাকার একটি মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নুরুল ইসলাম। এতে আফছারুল আমীন, ইব্রাহিম হোসেন, কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামসহ দলের ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা বক্তব্য দেন। সভা শুরুর পর সাংগঠনিক কার্যক্রম নিয়ে লিখিত প্রতিবেদন পাঠ করেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের কার্যনির্বাহী সভায় আফছারুল আমীন ও সাংসদ নুরুল ইসলামসহ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের চার শীর্ষ নেতাকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ১৭ জানুয়ারি নগর সভাপতি মহিউদ্দিনের চশমা হিলের বাসভবনে এ সভা হয়। ওই সভায় নগর কমিটির যুগ্ম সম্পাদক আফছারুল আমীন, সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন এবং কোষাধ্যক্ষ আবদুচ ছালামকে কারণ দর্শানোর চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা ১০ জানুয়ারি লালদীঘি ময়দানে সমাবেশ করেন বলে অভিযোগ করা হয়।আফছারুল আমীন ও নুরুল ইসলামের অনুসারীরা কারণ দর্শানোর জবাব না দিয়ে গতকাল পাল্টা প্রতিনিধি সভা করেন। সভায় মহিউদ্দিন ও কাজী ইনামুল হকের নেতৃত্বাধীন কমিটিকে মেয়াদোত্তীর্ণ এবং তাঁরা কমিটির অবৈধ নেতা বলে উল্লেখ করা হয়। নুরুল ইসলাম বলেন, ‘গত জাতীয় নির্বাচনের আগে ইনামুল হক নৌকা প্রতীককে অবজ্ঞা করেছেন। তাঁরা এখন আমাদের কারণ দর্শাতে বলছেন। তাঁরা তো মেয়াদোত্তীর্ণ কমিটির অবৈধ নেতা। কারণ দর্শানোর ক্ষমতা তাঁদের নেই। বরং আমরা মহিউদ্দিনকে কারণ দর্শানোর চিঠি দেব। অভিযোগ তদন্ত করবে কেন্দ্রীয় কমিটি।’আফছারুল আমীন বলেন, ‘চট্টগ্রামে নগর আওয়ামী লীগের ক্রান্তিকালে আমরা সমবেত হয়েছি। আজ আমাদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হচ্ছে। কারণ আওয়ামী লীগ গঠনতন্ত্রের ওপর চলে। এ গঠনতন্ত্র অনেকের জানা আছে, অনেকের জানা নেই। অথচ ব্যক্তির খেয়ালখুশিমতো এত দিন নগর আওয়ামী লীগ চলছিল।’আফছারুল আমীন বলেন, ‘একজন সভাপতি (মহিউদ্দিন) ও একজন সাধারণ সম্পাদক (এনামুল হক) চার বছর সাত মাসেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেননি। তাঁরা অদক্ষতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছেন। তাঁরা যুগ যুগ ধরে একই পদে থাকতে পারেন না। তাই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।’ তিনি বলেন, অবৈধ লোকের অবৈধ কারণ দর্শানোর নোটিশ কখনো কার্যকর হতে পারে না। চার বছর সাত মাস ধরে মহানগর আওয়ামী লীগের নামে অনেক বর্ধিত বা কার্যনির্বাহী সভা হয়েছে। এসব সভার সব সিদ্ধান্ত অবৈধ। সভা শুরুর পর সাংগঠনিক প্রতিবেদন পড়তে গিয়ে রেজাউল করিম বলেন, ‘নগর আওয়ামী লীগে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। এর অবসান হওয়া দরকার। মেয়াদোত্তীর্ণ সভাপতি ও সম্পাদক কী করে বর্ধিত সভা ডেকেছেন, তা বোধগম্য নয়। এঁরা বিগত নির্বাচনে নৌকার বিরোধিতা করেছেন। তাই গঠনতন্ত্র অনুযায়ী তাঁদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে বহিষ্কারের ব্যবস্থা নিতে হবে।’প্রতিবেদনে আরও বলা হয়, ‘সুবিধাবাদীরা দলে নতুন নতুন সদস্যপদ পাচ্ছেন। বাদ দেওয়া হচ্ছে ত্যাগী নেতাদের। নব্য আওয়ামী লীগ নেতাদের নিয়ে অবৈধ সভাপতি ও সম্পাদক উল্লাসে মেতে উঠেছেন। আজ দলীয় কার্যালয় দারুল ফজলে বাতি দেওয়ার লোক নেই। সেখানে কোনো সভা হয় না। মহিউদ্দিন চৌধুরীর ড্রইংরুম দলীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এভাবে সংগঠন চলতে পারে না।’