চট্টগ্রামে মহিলা দলের মিছিলে পুলিশের বাধা উভয় পক্ষে হাতাহাতি
চট্টগ্রামে গতকাল শুক্রবার জাতীয়তাবাদী মহিলা দলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডার একপর্যায়ে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের হাতাহাতি হয়। পরে পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মহিলা দল মিছিলটি বের করেছিল।কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মহিলা দলের নেতা-কর্মীদের সমাবেশ করার কথা ছিল। তাদের মিছিল করার কোনো অনুমতি ছিল না। তাই আমরা তাদের মিছিল করতে দিইনি।’নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বলেন, একটি গণতান্ত্রিক সমাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মিছিল করতে পুলিশের অনুমতি নিতে হবে, এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে।দলীয় সূত্র জানায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ বিভিন্ন দাবিতে মহিলা দল গতকাল দুপুরে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এতে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি এবং সংসদের বিরোধীদলীয় চিপ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রধান বক্তা ছিলেন।মহিলা দলের নগর কমিটির সভানেত্রী বেগম রোজী কবিরের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী নূরী আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমিন, ফাতেমা বাদশা, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, জেলি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্য শেষে বিএনপি নেতারা চলে যান। তবে মহিলা দলের নেতা-কর্মীরা জড়ো হয়ে রাস্তায় মিছিল বের করেন। মিছিলটি কয়েক শ গজ এগোনোর পর লাভলেইনের তিন রাস্তার মোড়ের আগে পুলিশ ওই মিছিলে বাধা দেয়। এখানে পুলিশের সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দিলে তাঁরা দলীয় কার্যালয়ে ফিরে যান।