চট্টগ্রামে মার্কিন নাগরিকের লাশ উদ্ধার
চট্টগ্রাম শরহতলীর অক্সিজেন আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গতকাল সোমবার রাতে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নুরুল আলম। তিনি নিউইয়র্ক আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে তাঁর এক আত্মীয় জানিয়েছেন।নিহত নুরুল আলমের আত্মীয় আবুল হোসেন জানান, নুরুল আলম স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁর গ্রামের বাড়ি সন্দ্বীপে। তবে অক্সিজেন এলাকায় তাঁর একটি বাড়ি আছে। তিনি স্ত্রীকে নিয়ে মাস ছয়েক আগে দেশে বেড়াতে আসেন। আগামীকাল বুধবার তাঁদের যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা ছিল।আবুল হোসেন আরও জানান, গত শনিবার নুরুল আলম সন্দ্বীপ থেকে চট্টগ্রামের বাড়িতে আসেন। গতকাল সন্ধ্যায় তিনি বাড়িতে মাগরিবের নামাজ পড়েন। এরপর রাত আটটার দিকে নিজের কক্ষে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এ অবস্থায় দেখে পুলিশে খবর দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে আবুল হোসেন কিছু জানাতে পারেননি।পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আবদুুল মান্নান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহত নুরুল আলমের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।