চট্টগ্রামে মায়ের চোখের সামনে আগুনে পুড়ে মারা গেল ৪ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের চোখের সামনেই জীবন্ত দগ্ধ হয়ে গেছে চার শিশুসন্তান। কিছুই করতে পারলেন না তিনি। তাই আদরের সন্তানদের হারিয়ে মা হোসনে আরা পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিলেন। কাঁদতে কাঁদতে কেবলই বলছিলেন, ‘আমার বাবুদের ফিরাইয়া দাও।’গতকাল শনিবার ভোররাতে চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকার মোহাম্মদ আলী কলোনিতে আগুনে সব কেড়ে নিয়েছে হোসনে আরার। শুক্রবার রাতের প্রথম প্রহরেও ছিল তাঁর পরিবারে অফুরান হাসি-আনন্দ। রাতে প্রতিবেশী এক যুবকের সঙ্গে তাঁর বড় মেয়ে রুজিনার বিয়ে দিয়েছেন। কিন্তু রাতের মধ্যেই সেই বিয়ের উত্সব ভেসে গেছে শোকের সাগরে।জানা গেছে, বিয়ের অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে পাঁচ সন্তানকে নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান হোসনে আরা। বড় মেয়ের শ্বশুরবাড়িতে রেখে আসেন আরেক মেয়ে শাপলাকে। তারপরই তাঁর জীবনের এই শোকগাথা। এরপরই আগুনে দগ্ধ হয়ে চার সন্তান নিহত হয়। এরা হলো নুরনবী (১০), সালাউদ্দিন (৭), আলাউদ্দিন (৫) ও তানজিনা (৪)। এ ছাড়া হোসনে আরা, তাঁর আরেক সন্তানসহ চারজন আহত হয়। আগুনে ৩৬ কক্ষের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।রুজিনা কাঁদতে কাঁদতে বলেন, ‘আগুন লাগার কয়েক ঘণ্টা আগে আমার বিয়ে হয়। আমারে শ্বশুরবাড়ি নিয়ে যায়। ছোট এক বোনও আমার সঙ্গে যায়। আগুন আমার চার ভাইবোনকে কেড়ে নিয়েছে।’ফায়ার সার্ভিসের কর্মী মোহাম্মদ মোরশেদ জানান, মশার কয়েল থেকে গতকাল ভোররাত তিনটার দিকে কলোনিতে আগুনের সূত্রপাত। ভোর সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩৬ কক্ষের বেড়া-টিনশেডের বসতঘর। এতে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় আনোয়ার হোসেন দাবি করেন, বসতঘর ছাড়াও আগুনে একটি আরবি শিক্ষাপ্রতিষ্ঠান এবং তিনটি দোকান পুড়ে গেছে। নতুন ঘরে গিয়ে প্রথম দিনে চার ভাইবোনকে হারিয়ে শোকে পাথর রুজিনা। তিনি বলেন, ‘আগুন লাগার পর আমার মা ও ভাইবোন ঘর থেকে বের হলেও কলোনির ফটকে আটকা পড়ে। মূল ফটকে তিনটি তালা লাগানো ছিল। এ কারণে মা ও এক ভাইকে উদ্ধার করা গেলেও চার ভাইবোনকে পুড়ে মরতে হলো।’ কলোনির মালিক মোহাম্মদ আলী দাবি করেন, কলোনির মূল ফটক তালাবদ্ধ থাকলেও ছোট একটি ফটক খোলা ছিল। জমি নিয়ে বিরোধের জের ধরেই প্রতিপক্ষের লোকজন কলোনির সব বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।রুজিনা জানান, দুই বছর আগে বাবা মারা যাওয়ার পর বছর খানেক আগে সিলেট থেকে এসে শহরের এ জায়গায় ঠাঁই নেন তাঁরা। আতুরার ডিপো এলাকায় একটি জুট বাছাইয়ের দোকানে কাজ করতেন তাঁর মা ও ছোট বোন শাপলা। রুজিনা চাকরি করেন তৈরি পোশাক কারখানায়। সবার আয় দিয়ে কোনোমতে তাঁদের সংসার চলত।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ সবুর বলেন, কলোনিতে আগুনের ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) একটি মামলা হয়েছে।