চট্টগ্রামে মিছিলে বাধা, পুলিশের ওপর জামায়াতের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় গতকাল সোমবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ দাবি করেছে, কোনো পূর্ব অনুমতি ছাড়াই জামায়াত-শিবির আসরের নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদ থেকে মিছিল বের করার চেষ্টা করে। মিছিল না করার অনুরোধ করা হলে তারা পুলিশের ওপর হামলা চালায়। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। সংঘর্ষ চলাকালে তারা পাঁচটি গাড়ি ভাঙচুর করে। তবে জামায়াতের নেতারা দাবি করেন, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে।জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলে পুলিশ সদস্য শাহদাত, মঈনুদ্দিন, খোরশেদ, রফিক ও কাদের আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত অন্যরা জামায়াত-শিবিরের কর্মী-সমর্থক। পুলিশের ওপর হামলা, সরকারি দায়িত্ব পালনে বাধাসহ সংশ্লিষ্ট অপরাধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গত রোববার চট্টগ্রামে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিশোধ হিসেবে তারা এ হামলা চালিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আন্দরকিল্লা শাহী জামে মসজিদে আসরের নামাজে স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত দুই-আড়াই হাজার বেশি মুসল্লি দেখে পুলিশ আগেই মসজিদের পূর্ব ফটকে অবস্থান নেয়। নামাজ শেষে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা একটি ব্যানার নিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। কোনো পূর্ব অনুমোদন না থাকায় পুলিশ তাঁদের মিছিল না করার পরামর্শ দেয়। এ নিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদের সঙ্গে জামায়াতের নেতাদের বাগিবতণ্ডা হয়।একপর্যায়ে জামায়াতের নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় জামায়াতের ২০০-৩০০ কর্মীর হাতে লম্বা লাঠি দেখা যায়। মিছিলের নেতৃত্বে ছিলেন জামায়াতের সাতকানিয়া আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও দলের কেন্দ্রীয় নেতা মমিনুল হক চৌধুরী। এরই মধ্যে সেখানে পুলিশের সংখ্যা বাড়িয়ে মিছিলে বাধা দেওয়া হয়। এ সময় মিছিলকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তিন ভাগ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে মসজিদের ওপর থেকে অনেককে ফুলের টব ভেঙে ছুড়ে মারতে দেখা যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়লে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এক ঘণ্টা ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে প্রায় ৪০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়া হয়। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা আশপাশের অলিগলি ও দোকানে ঢুকে যান। কিছু সদস্য বকশিরহাট মোড়ে গিয়ে পাঁচটি যানবাহন ভাঙচুর করেন।পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন মো. সেলিম উদ্দিন ও মো. ইছহাক। ওই এলাকা থেকে জব্দ করা হয় প্রায় ২০০টি লাঠি।উপ-কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘আসরের নামাজ শেষে জামায়াত আন্দরকিল্লা জামে মসজিদ থেকে অতর্কিত মিছিল বের করার চেষ্টা করে। মিছিল না করার অনুরোধ জানানো হলে তারা আমাদের সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।’ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ২৫-৩০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করা হয় বলে তিনি জানান।জামায়াতের প্রতিবাদ: মহানগর জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, দলের নেতা মুজাহিদকে চট্টগ্রামে সমাবেশ করতে না দেওয়া এবং ছাত্রলীগের সন্ত্রাস ও তাণ্ডবের প্রতিবাদে মিছিল-সমাবেশ করতে আসরের নামাজের পর তাঁরা আন্দরকিল্লা মসজিদের ফটকে জড়ো হন। তাঁরা মিছিল বের করতে চাইলে পুলিশ মুসল্লিদের পিটিয়ে মসজিদে ঢুকিয়ে দেয়। এ ছাড়া মহানগর জামায়াতের আমির সাংসদ মুহাম্মদ শামসুল ইসলামসহ কয়েকজন নেতা ঘটনার নিন্দা জানিয়ে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।