চট্টগ্রামে মিটারে অটোরিকশা চলাচল বাধ্যতামূলক হচ্ছে ১৬ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ এপ্রিল থেকে চট্টগ্রাম নগরে সিএনজিচালিত অটোরিকশা মিটারের নির্ধারিত ভাড়ায় চলাচল বাধ্যতামূলক করা হচ্ছে। কোনো অটোরিকশাচালক এই নিয়ম না মানলে জরিমানা, চালক লাইসেন্স বাতিল এবং প্রয়োজনে গ্রেপ্তার করা হবে।চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অটোরিকশা মালিক ও মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর পুলিশের উপকমিশনারের (যানবাহন) কার্যালয়ে এই বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন উপকমিশনার (যানবাহন) ফারুক আহমদ।সূত্র জানায়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কাল শনিবার পর্যন্ত অটোরিকশায় যেসব মিটার লাগানো হবে সেগুলোর ক্যালিব্রেশন (কতটুকু দূরত্বে কত ভাড়া আদায় হবে তার হিসাব) সম্পন্ন করা হবে। এরপর ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বিশেষ অভিযান। এই অভিযানে ক্যালিব্রেশনবিহীন মিটারযুক্ত অটোরিকশা শনাক্ত করে এগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, ‘এবার আমরা আটঘাট বেঁধে নেমেছি। ধানাই-পানাই চলবে না, মিটারে সিএনজিচালিত অটোরিকশা চালানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করে ছাড়ব।’প্রসঙ্গত, এর আগে অন্তত তিন দফায় নগরে সিএনজিচালিত অটোরিকশা মিটারে চালানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু অটোরিকশা মালিক-চালকদের বিরোধিতায় সেই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি।এবার মিটারে অটোরিকশা চালানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগরে অটোরিকশা (সিএনজি) মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আজম চৌধুরী বলেন, এবার পুরো প্রক্রিয়ার সঙ্গে মালিক-চালক-মিটার সরবরাহকারী প্রতিষ্ঠানকে পুরোদমে সম্পৃক্ত এবং দায়দায়িত্ব নিরূপণ করা হয়েছে। তাই মিটারে অটোরিকশা না চালিয়ে উপায় নেই।সিএনজি অটোরিকশা মালিকদের অপর সংগঠন চট্টগ্রাম সিএনজি বেবিট্যাক্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস কে শিকদার বলেন, এবার মালিক-চালক সবার স্বার্থ সংরক্ষণ করে নীতিমালা করা হয়েছে। তাই এবারের সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে।ট্রাফিক পুলিশের হিসাব মতে, চট্টগ্রাম নগরে প্রায় ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। নতুন সরকারি নীতিমালা অনুযায়ী অটোরিকশা ভাড়া প্রথম দুই কিলোমিটারে আগের ১৪ টাকার পরিবর্তে ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ছয় টাকার পরিবর্তে সাত টাকা করা হয়। একই সঙ্গে মালিকদের দৈনিক জমার পরিমাণ ৪৫০ টাকার পরিবর্তে ৬০০ টাকা করা হয়েছে। যাত্রী পরিবহনের বাধ্যতামূলক সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে।