চট্টগ্রামে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় নাসিরাবাদ ও সিডিএ এভিনিউ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ব্যানারে তাঁরা মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাঁরা ঢাকার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে কাল মঙ্গলবারের অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা নগরের কাজীর দেউড়ি সার্কিট হাউস এলাকা থেকে মিছিল নিয়ে জিইসি মোড়ে গিয়ে অবস্থান নেন। সেখানে তাঁরা বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, খায়রুল ইসলাম প্রমুখ। তাঁরা অবিলম্বে মেডিকেলে ভর্তি পরীক্ষার ঘোষণা দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তাঁরা ঢাকায় আটক ছাত্রদের মুক্তি দাবি করেন।এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।