চট্টগ্রামে যুবকের একই প্লট একাধিক ব্যক্তির নামে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জসিম উদ্দিন হাওলাদার যুবকের অঙ্গসংগঠন প্লানেট প্রোপার্টিজের কাছ থেকে চট্টগ্রামে তিন কাঠার একটি প্লট কিনেছিলেন। চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকায় সৈকত প্রকল্প-২-এর প্রতি কাঠা জমির দাম ধরা হয় সাড়ে তিন লাখ টাকা। ২০০৭ সালে প্লটের নিবন্ধনও (রেজিস্ট্রি) হয়। এত দিন প্লটটি তাঁর দখলে ছিল।সম্প্রতি মো. মাসুদ নামে আরেক ব্যক্তি আসেন ওই জমির দখল নিতে। তিনিও জমি নিবন্ধনের কাগজপত্র দেখান। এরপর বাধ্য হয়ে জসিম থানা-পুলিশ ও আদালতের শরণাপন্ন হন। তিনি চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চাকরি করেন।অভিযোগ পাওয়া গেছে, গ্রাহকদের নামে বরাদ্দ দেওয়া জমি আত্মসাতের জন্য যুবক এভাবে নতুন প্রতারণা শুরু করেছে। তারা সৈকত প্রকল্পের একই প্লট একাধিক লোকের কাছে বিক্রি শুরু করেছে। একই জমির একাধিক মালিক হওয়ায় প্রায় প্রতিদিনই পতেঙ্গা এলাকায় মালিকানা দাবিদারদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে।অভিযোগ উঠেছে, যুবকের চট্টগ্রাম অঞ্চলের কয়েকজন কর্মকর্তা মিলে ভুয়া কাগজপত্র তৈরি করে একই প্লট একাধিক ব্যক্তির কাছে বিক্রি করছেন। তাঁদের এই প্রতারণার শিকার অন্তত ৫০ জন প্রকৃত গ্রাহক দিশেহারা হয়ে এখন আদালত ও পুলিশের কাছে ধরনা দিচ্ছেন। সৈকত প্রকল্প-২-এ ৮১টি প্লট রয়েছে বলে জানা গেছে।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সৈকত প্রকল্পের জমির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি নিশ্চিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘এখানে একই জায়গার মালিকানা নিয়ে মাঝেমধ্যে বিরোধ দেখা যাচ্ছে। তিন-চার বছর দখলে থাকা কেউ বাড়ি করতে গেলে দেখা যায় যে আরেকজন কাগজপত্র নিয়ে হাজির হন। এরা হয়তো একই জমি একাধিক লোকের কাছে বিক্রি করেছে। নইলে এ রকম হবে কেন?’অনুসন্ধানে জানা গেছে, যুবকের পরিচালক রাশেদুল হুদাকে চেয়ারম্যান দেখিয়ে গত বছরের ২৩ ডিসেম্বর সৈকত প্রকল্পের ৫০ কাঠা জমি নাছিমা বেগম নামে একজন মহিলাকে আমমোক্তারনামা দেওয়া হয়। অথচ এর আগেই ওই ৫০ কাঠা জমি বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রি করা হয়।নাছিমা রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করা কাগজপত্রে উল্লেখ করেন, ‘গত বছরের ৯ মে রাশেদুল হুদাকে বোর্ড সভায় যুবকের চেয়ারম্যান করা হয়েছে। তিনি আমাকে এই ৫০ কাঠা জমির আমমোক্তারনামা দিয়েছেন।’ এ বিষয়ে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।পিডিবির কর্মী জসিম উদ্দিন, আবু শাহাদাতসহ কয়েকজনের প্লট পড়েছে এই ৫০ কাঠা জমির মধ্যে। জসিম ও শাহাদাত দাবি করেন, ‘গত বছরের ৯ মে যুবকের কোনো বোর্ড সভা হয়নি বা রাশেদুল হুদাকে চেয়ারম্যানও করা হয়নি। নাছিমা জালিয়াতি করে এই কাগজপত্র দাখিল করেছেন। প্রকৃতপক্ষে তখন যুবকের চেয়ারম্যান ছিলেন মো. লোকমান হোসেন। তিনি এখনো যুবকের চেয়ারম্যান। চেয়ারম্যানকে ডিঙিয়ে আমাদের জায়গা একাধিক ব্যক্তিকে বরাদ্দ দিচ্ছেন যুবকের স্থানীয় কর্মকর্তারা।’ বিষয়টি সম্পর্কে জানতে তাঁর মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়।জানা গেছে, আমমোক্তারনামা দেখিয়ে নাছিমা ওই ৫০ কাঠা জমি বিক্রির জন্য অনেকের সঙ্গে চুক্তিবদ্ধ হতে থাকেন। ফলে পিডিবির কর্মী জসিম বা শাহাদাতের মতো লিখা বড়ুয়া, মনোজ তালুকদার, মাসুমা আক্তারসহ প্রকৃত মালিকেরা জমির মালিকানা হারাতে বসেছেন।প্লট বেচাকেনার সময় চট্টগ্রামে যুবকের অঙ্গসংগঠন প্লানেট প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মহিউদ্দিন। তিনি দাবি করেন, ‘আমি এখন প্লানেটের সঙ্গে নেই। তবে সৈকত প্রকল্প-১ ও ২ আমার সময়ে হয়েছে। যত দূর জানি, সেখানে একই জমি একাধিক ব্যক্তি দাবি করছেন। কেউ কাগজপত্র নিয়ে, কেউবা বুকিং টোকেন নিয়ে দখলে নেমেছেন। চট্টগ্রামে এগুলো দেখার কেউ নেই। যুবকের পরিচালকেরা কেউ চট্টগ্রামে না থাকায় নাছিমাকে আমমোক্তারনামা দেওয়া হয়, যাতে তিনি রেজিস্ট্রি দিতে পারেন।’