চট্টগ্রামে রবীন্দ্র উৎসব শুরু
‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে এই আয়োজন করে। জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী বক্তব্যে শহীদজায়া মুশতারী শফী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতা, গান, নাটক, উপন্যাসসহ বিভিন্ন শিল্পকর্মের মাধ্যমে সার্ধশততম বছর পরেও আমাদের মাঝে অম্লান হয়ে আছেন। তাঁর অমৃত রচনা এখনো মানুষের হূদয় উদ্বেলিত করে তোলে।’ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার পর সংস্থার শিল্পীরা পরিবেশন করেন ‘আজ সবার রঙে রঙ মিশাতে হবে’ গানটি। আইরিন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজেদ আকবর, চট্টগ্রাম কেন্দ্রের সাধারণ সম্পাদক অনিরুদ্ধ সেনগুপ্ত। অনুষ্ঠানে বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী মিহির কুমার নন্দীকে সম্মাননা দেওয়া হয়। বক্তব্য শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের শেষের কবিতার অংশবিশেষ আবৃত্তি করে শোনান রবিশঙ্কর মৈত্রী ও হাসিনা আহমেদ। একক এবং দলীয়ভাবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার শিল্পীর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন।