চট্টগ্রামে রাজনৈতিক শক্তির নয়া মেরুকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনী নদী পার হলেই রাখায়ঙ্গ বা আরাকানের মগরাজ্যের সীমানার শুরু। আরেকটু এগোলে সীতাকুণ্ডের পাহাড়। এর দক্ষিণে প্রাচীন বন্দরনগরী চট্টগ্রাম। সুলতানি আমলে চট্টগ্রামের অধিকার নিয়ে বাংলার সুলতান, ত্রিপুরার রাজা আর মগরাজ্যের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ হয়েছে একাধিকবার। এখন চট্টগ্রাম মগ রাজার এক বিশাল নৌঘাঁটি। রাজার ছোট ভাই এখানকার শাসনকর্তা। বাংলার দক্ষিণাঞ্চলের মানুষ মগদের ক্রমাগত লুটপাট আর নিষ্ঠুর অত্যাচারে জর্জরিত দীর্ঘদিন।কয়েক দিন ধরেই চট্টগ্রামের সরাইখানা, জাহাজঘাট, হাটবাজার আর মহল্লায় সর্বত্রই যেন একটা চাপা উদ্বেগ আর অস্বস্তি। কারণ, গোয়েন্দা মারফত মগ রাজদরবারে খবর এসেছে, বাংলার মোগল সুবাদার ইসলাম খান চিশতি এখন থেকে ঢাকায় থাকবেন স্থায়ীভাবে। সঙ্গে থাকবে মোগলদের নৌসেনানি ও সুদক্ষ গোলন্দাজ বাহিনী দিয়ে সজ্জিত এক বিশাল মোগল নওয়ারা আর শক্তিশালী সেনাবাহিনী। এ খবরে মগরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। সামরিক দৃষ্টিকোণ থেকে এর সুদূরপ্রসারী তাত্পর্য বুঝতে আরাকানরাজের দেরি হয়নি। বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা মারফত ভাটি অঞ্চলের বিদ্রোহীদের বিরুদ্ধে ইসলাম খানের একের পর এক জয়ের সংবাদ মগরাজা মেং খামায়ুংয়ের কানে পৌঁছেছিল। সম্প্রতি মসনদ-ই-আলা মুসা খান ও অন্য বিদ্রোহীদের পিছু হটায় উদ্বিগ্ন আরাকানরাজ ও চট্টগ্রামের মগসেনানিরা। গোয়েন্দা সূত্রে তাঁরা আরও জেনেছেন, পরাজিত বিদ্রোহীদের সব যুদ্ধহাতি আর নৌবহর সুবাদারের নির্দেশে মোগল বাহিনীতে শামিল করা হয়েছে। ফলে মোগল নওয়ারা দিন দিন ফুলে-ফেঁপে উঠছে। এই শক্তিশালী নৌবাহিনী মগরাজার রণতরীর মোকাবিলায় প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মগ নৌসেনাপতিরা গভীরভাবে শঙ্কা বোধ করছেন।চট্টগ্রামের ব্যবসায়ী, বণিক, স্থানীয় অধিবাসীদের সঙ্গে আলাপচারিতার সূত্রে এ জাতীয় আরও কিছু খবর মিলেছে। মগ রাজা জানতে পেরেছেন যে সুবাদার ইসলাম খান পরাজিত বিদ্রোহীদের দ্বিতীয়বার বিদ্রোহ করার সুযোগ একেবারে নির্মূল করে দিচ্ছেন। যাঁরা বশ্যতা স্বীকার করেছেন, পূর্বসূরিদের মতো তিনি তাঁদের আর নিজ নিজ এলাকায় ফেরত পাঠাচ্ছেন না। তার পরিবর্তে মোগল সেনাবাহিনীর সঙ্গে অন্য বিদ্রোহীদের দমনে ঠেলে দিয়েছেন তাঁদের। ফলে তাঁরা নিজ এলাকায় ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুযোগমতো বিদ্রোহের ঝান্ডা আর ওড়াতে পারছেন না। এতে দিন দিন কমে আসছে বিদ্রোহীদের সংখ্যা। পরিণামে এই সুবায় মোগল শাসন দৃঢ়তর ও সুস্থির হয়ে উঠছে।চট্টগ্রামের বণিক সম্প্রদায় ও সমুদ্রগামী জাহাজের মালিকেরা বলেছেন, বিদ্রোহ দমনের ফলে শাসন সংহত হলে মোগল বাহিনী ভুলুয়া বা নোয়াখালী ও চট্টগ্রামের দিকে ধেয়ে আসতে পারে বলে চট্টগ্রামের মগ সেনানিরা সতর্ক দৃষ্টি রাখছেন। তাঁরা জানিয়েছেন, আরাকান রাজদরবারের বিবেচনায় বাংলায় সুসংহত মোগল শাসন চট্টগ্রাম ও আরাকানের নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। এর প্রতিষেধক হিসেবে ভুলুয়া ও মোগল-বাংলায় ক্রমাগত হামলা চালিয়ে মোগলদের উদ্বিগ্ন ও ব্যতিব্যস্ত রাখার মগনীতি অব্যাহত রাখা মগ রাজার পক্ষে হবে শ্রেয়। চট্টগ্রামের কয়েকজন বর্ষীয়ান ব্যক্তি মন্তব্য করেন, সুলতানি আমল থেকে আরাকান রাজারা এ ধরনের রণনীতিই অনুসরণ করেছেন। মগ রাজার বর্তমান রণনীতি সেই পুরোনো নীতিরই ছায়ামাত্র।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে মগ রাজা কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্যস্ত। বর্মার রাজা ও সন্দ্বীপে অবস্থানরত তাঁদের এত দিনের বৈরী প্রতিপক্ষ পর্তুগিজদের সঙ্গে ঝগড়াঝাঁটি মিটিয়ে ফেলে তাদের নিয়ে বাংলায় মোগলদের বিরুদ্ধে জোট বাঁধার পরিকল্পনা করছেন মগরাজা। তিনি অচিরেই সন্দ্বীপে ও বর্মায় দূত পাঠাবেন বলে নাম প্রকাশ না করার শর্তে মগ রাজার একজন বিশিষ্ট পারিষদ জানিয়েছেন।