চট্টগ্রামে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা
নগরের বায়েজিদ থানাধীন চন্দ্রনগর এলাকায় মো. মনজু মিয়া (৩০) নামের একজন রাজমিস্ত্রি খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি চন্দ্রনগর ইউনিট যুবলীগের সহসভাপতি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দ্রনগরের পাহাড়ি এলাকায় গতকাল রাত থেকে দেয়াল নির্মাণের কাজ করছিলেন মনজু। রাত সাড়ে তিনটার দিকে তাঁর সঙ্গে নজরুল নামের এক শ্রমিকের পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে একদল সন্ত্রাসী এসে মনজুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত মনজুরের বড় বোন নাসিমা আক্তারের দাবি, ‘আমার ভাই চন্দ্রনগর ইউনিট যুবলীগের সহসভাপতি ছিলেন। শুক্রবার রাত থেকেই তিনি দেয়াল নির্মাণকাজ করছিলেন। নজরুল, সৌরভ, রনিসহ কয়েকজন সন্ত্রাসী তাঁকে হত্যা করে।’উপপুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘রাজমিস্ত্রিদের মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা হত্যাকারীদের শনাক্ত করেছি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’