চট্টগ্রামে রেড ক্রিসেন্টের সভায় সংঘর্ষ-ভাঙচুর, আহত ৫
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ইউনিটের বার্ষিক সাধারণ সভায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সভাস্থল কিং অব চিটাগংয়ে এ ঘটনা ঘটে। এ সময় সভার মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়।আহত ব্যক্তিদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সদস্য নরেন ও পারিজাতকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, সভা চলাকালে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। একপক্ষের এক নেতা বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে।জানা গেছে, পূর্বনির্ধারিত সময় সকাল ১০টা থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও তা আধা ঘণ্টা আগে শুরু হয়। শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বোর্ড সদস্য নুরুন্নবী চৌধুরী।সভা চলাকালে সকাল সোয়া ১০টার দিকে আজীবন সদস্য মিনহাজুর রহমান বক্তব্য দিতে গিয়ে রেড ক্রিসেন্টের বর্তমান কমিটির দুর্নীতি তুলে ধরেন। একপর্যায়ে সহসভাপতি শেখ শফিউল আজমের পক্ষের লোকজন মিনহাজুর রহমানের হাত থেকে মাইক কেড়ে নিয়ে তাঁকে নাজেহাল করেন। এ সময় তাঁকে রক্ষা করার জন্য অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে সেখানে মঞ্চ ও চেয়ার ভাঙচুর হয়।এ প্রসঙ্গে শেখ শফিউল আজম বলেন, ‘এটা অনেকটা রাজনৈতিক সংগঠন। যে সরকার ক্ষমতায় থাকে, ওই সরকারের লোকজনই এটা নিয়ন্ত্রণ করেন। সভা চলাকালে মিনহাজ দুর্নীতি নিয়ে কথা বলতে গিয়ে আমার সম্পর্কে কটূক্তি করেছে। এ সময় একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। আর এখানে কোনো দুর্নীতি নেই।’এ প্রসঙ্গে মিনহাজুর রহমান বলেন, ‘কাউকে কোনো কথা বলতে না দিয়ে তারা সভাটি দ্রুত শেষ করে দিচ্ছিল। তখন আমি মাইক নিয়ে দুর্নীতির কথা বললে তারা খেপে গিয়ে আমাদের ওপর হামলা চালায়।’