চট্টগ্রামে রেলওয়ের কর্মকর্তা খুনের ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রেলওয়ের বাজেট কর্মকর্তা আবদুল হাই মজুমদার খুনের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন, মোহাম্মদ মুসা (৩৪), মোহাম্মদ সেলিম ওরফে বাইশ আঙুল সেলিম (৩৮), মোহাম্মদ ফারুক (২২) ও মো. শাহ আলম (২৮)। তাঁদের মধ্যে মুসা দুটি ছিনতাই মামলার দণ্ডপ্রাপ্ত আসামি।গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে এই চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে নিহত কর্মকর্তার মানিব্যাগ, ৩০০ টাকা ও মুঠোফোনসেট উদ্ধার করেছে। এ ছাড়াও ছিনতাইকারীরা রেল কর্মকর্তা খুনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল নগরের টাইগারপাস থেকে হত্যায় ব্যবহূত একটি ছোরাসহ মুসা ও সেলিমকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই রাতে নগর থেকে গ্রেপ্তার করা হয় ফারুক ও শাহ আলমকে। তাঁরা চারজনই রেল কর্মকর্তা হাইকে খুন করার কথা স্বীকার করেছেন।পুলিশের সামনে হত্যাকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে মোহাম্মদ সেলিম বলেন, ‘একজন যাত্রী রেলস্টেশন থেকে রিকশায় চড়ে যাচ্ছিলেন। আমরা চারজন তাঁর গতি রোধ করি। এ সময় মুসা ও আমি তাঁর দিকে ছোরা তাক করে ধরি। ফারুক মানিব্যাগ ও মুসা মোবাইল সেটটি ছিনিয়ে নেয়। একপর্যায়ে মুসা তাঁর পায়ে ছুরিকাঘাত করে। এরপর আমরা সেটটি বিক্রি করে টাকা ভাগাভাগি করি নিই। গ্রেপ্তার হওয়ার পর জানতে পারি রিকশা আরোহী ওই যাত্রী মারা গেছেন।’কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার ছিনতাইকারীর মধ্যে শাহ আলম ও মুসাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে এবং সেলিম ও ফারুক আজ বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারে।প্রসঙ্গত, গত রোববার রাতে রেল কর্মকর্তা আবদুল হাই মজুমদারকে চার ছিনতাইকারী বাইশ মহল্লা কবরস্থানের কাছে রিকশা থামিয়ে প্রথম ছিনতাই করে ও পরে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়ার পর রেল কর্মকর্তা আবদুল হাই মজুমদার মারা যান।