চট্টগ্রামে রেলওয়ের জিএমের বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) মহাব্যবস্থাপকের (জিএম) বাসায় গতকাল মঙ্গলবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা তিনটি কক্ষ তছনছ করে নগদ টাকা, মোবাইল ফোনসেট ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের হামলায় একজন আনসার সদস্য আহত হন। আজ বুধবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চলীয় রেলওয়ে কার্যালয়ের (সিআরবি) অন্তত এক কিলোমিটার পশ্চিমে ঘন গাছগাছালি ঘেরা একটি পাহাড়ে জিএমের বাংলো। তবে জিএম ইউসুফ আলী মৃধা ছাড়াও এখানে বর্তমানে আরও পাঁচজন কর্মকর্তা থাকেন। তাঁরা হলেন—অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আখতারুজ্জামান হায়দার, বিভাগীয় তত্ত্বাবধায়ক (পাহাড়তলী কারখানা) হারুন আর রশিদ, প্রধান প্রকৌশলী (তড়িত্) ছাফাউদ্দিন আহমেদ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গৌরচন্দ্র রায়। তাঁদের সবার পরিবারের সদস্যরা থাকেন ঢাকায়। ডাকাতির ঘটনার সময় এস এম লিয়াকত আলী ও গৌরচন্দ্র রায় ছাড়া অন্যরা বাংলোতে ছিলেন না। রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে অন্তত পাঁচ-ছয়জন ডাকাত দরজা ভেঙে তাঁর কক্ষে ঢোকে। একসময় তারা তাঁর হাত বেঁধে ফেলে। তারা ব্রিফকেস ভাঙতে চাইলে তিনি তাদের তা না ভাঙার অনুরোধ করেন এবং নিজেই তা খুলে দেন। এরপর ডাকাতেরা আলমারি তল্লাশি করে তাঁর দুইটি মোবাইল ফোনসেট ও টাকা নিয়ে যায়। এরপর ডাকাতেরা জিএম ও প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কক্ষ তছনছ করে কিছু মালামাল লুটে নেয়। তিনি দাবি করেন, ডাকাতদের হাতে ছিল ধারালো ছুরি, দা ও শাবল। তবে কোনো আগ্নেয়াস্ত্র দেখেননি তিনি। বাংলোর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার ও রেলওয়ে নিরাপত্তা সদস্যরা বলেন, অন্তত ১৬ জন ডাকাত এসে তাঁদের চারজনকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে। আহত আনসার সদস্য মোহাম্মদ ইয়াছিন বলেন, ডাকাতেরা তাঁর কাঁধের ডানপাশে ছুরি দিয়ে আঘাত করে।আজ সকালে চট্টগ্রাম মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় তাত্ক্ষণিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।