চট্টগ্রামে রেলের ছয় শীর্ষ কর্মকর্তার বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) ছয়জন শীর্ষ কর্মকর্তার বাসায় গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা চার নিরাপত্তাকর্মীকে রশি দিয়ে বেঁধে তিনটি কক্ষ তছনছ করে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদের মারধরে মোহাম্মদ ইয়াছিন নামের এক আনসার সদস্য আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরের কেন্দ্রস্থল কদমতলী এলাকায় কেন্দ্রীয় রেল ভবনের (সিআরবি) পাশের পাহাড়শীর্ষে অবস্থিত রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) বাংলোকে সম্প্রতি জ্যেষ্ঠ কর্মকর্তাদের বাসভবনে পরিণত করা হয়। ওই ভবনে জিএমসহ মোট ছয়জন কর্মকর্তা বসবাস করেন। তাঁদের সবার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন।বাংলোয় বসবাসকারী কর্মকর্তারা হলেন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম লিয়াকত আলী, প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) আখতারুজ্জামান, বিভাগীয় তত্ত্বাবধায়ক (পাহাড়তলী কারখানা) হারুন আর রশিদ, প্রধান প্রকৌশলী (তড়িৎ) ছাফাউদ্দিন আহমেদ ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গৌরচন্দ্র রায়। মঙ্গলবার রাতে ডাকাতির সময় লিয়াকত আলী ও গৌরচন্দ্র রায় ছাড়া অন্যরা দাপ্তরিক কাজে ঢাকায় ছিলেন।লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ‘রাত তিনটার দিকে অন্তত পাঁচ-ছয়জন ডাকাত দরজা ভেঙে আমার কক্ষে ঢুকে। তাদের একজনের মুখোশ ছিল। ডাকাতদের দেখে আমি গোসলখানায় পালানোর চেষ্টা করি। তারা আমাকে ধরে গামছা দিয়ে হাত বেঁধে ফেলে।’লিয়াকত আরও বলেন, ‘ডাকাতেরা আমাকে জিজ্ঞেস করে, ‘‘তুই কি জিএম?’’ আমি নিজের পরিচয় দিই। এরপর তারা আমার ব্রিফকেস ও আলমারি ভাঙতে চাইলে আমি তাদের তা না ভাঙার অনুরোধ করি এবং নিজেই খুলে দিই। এসব তল্লাশি করে তারা আমার দুটি মোবাইল ফোনসেট ও কিছু টাকা নিয়ে যায়। তারপর তারা জিএম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কক্ষ তছনছ করে মালামাল নিয়ে চলে যায়।’লিয়াকত বলেন, ডাকাতদের হাতে ধারালো ছুরি, দা ও শাবল ছিল। তবে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না। তারা নগদ টাকা, ঘড়ি, ক্যামেরা, মোবাইল ফোনসেট, ল্যাপটপ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। সব মিলিয়ে লুণ্ঠিত অর্থ ও মালামালের মূল্য তিন লাখ টাকা হবে।গতকাল সকালে সরেজমিন দেখা গেছে, বাংলোর পশ্চিম পাশে সেনাবাহিনীর জায়গায় নিজস্ব পাহারা রয়েছে। উত্তর পাশে রয়েছে র্যাবের অস্থায়ী ক্যাম্প। এ ছাড়া আছে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী। তবে বাংলোর আশপাশে সাধারণ মানুষের বসতি কম। একই এলাকায় প্রধান প্রকৌশলীর বাসভবন রয়েছে। তিন বছর আগে ওই বাড়িতেও একইভাবে ডাকাতি হয়েছিল।রেলওয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার মধ্যরাত থেকে বজ্রপাতসহ প্রবল বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় ডাকাতেরা কর্মকর্তাদের বাসায় হানা দেয়। এর আগে তারা বাংলোর সামনে নিরাপত্তায় থাকা চার আনসার ও রেলওয়ে নিরাপত্তা সদস্যদের একটি গাছের সঙ্গে বেঁধে রাখে।আনসার সদস্য ইয়াছিন বলেন, ‘ডাকাতেরা আমার কাঁধের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। নড়াচড়া করলেই আমাকে জবাই করে দেবে বলে হুমকি দেয়। ডাকাতের সংখ্যা ছিল ১৫-১৬।’ডাকাতির ঘটনায় পূর্বাঞ্চলীয় রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। চট্টগ্রাম মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।কোতোয়ালি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ডাকাতির ঘটনায় অজ্ঞাত পরিচয় ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।