চট্টগ্রামে রেলের নিয়োগ-বাণিজ্য নিয়ে তিন মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাঞ্চল রেলওয়েতে নিয়োগ-বাণিজ্য নিয়ে আজ রোববার চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানায় তিনটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এসব মামলায় পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম, উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন ও সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলাগুলো করেন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উত্পল বড়ুয়া প্রথম আলো ডটকমকে বলেন, রেলে লোক নিয়োগে দুর্নীতির অভিযোগ এনে তিনটি মামলা করেছে দুদক। তিন মামলায় রেলের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এ ছাড়া চারজন সুবিধাভোগীকে আসামি করা হয়। তাঁরা হলেন, মো. ইসমাইল হোসেন, সোহেল রানা, শাহিদা আক্তার ও মো. সরওয়ার হোসেন। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের ‘ট্রেন নম্বর টেকার’ ও ‘রেকর্ড কিপার’ পদে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়।মামলার এজাহারে নিয়োগ পরীক্ষার টেব্যুলেশন শিটে ঘষামাজা ও নম্বর পরিবর্তনের অভিযোগ আনা হয়েছে।