চট্টগ্রামে রোগ নির্ণয় কেন্দ্রে ডাকাতি, সাড়ে ১১ লাখ টাকা লুট
চট্টগ্রাম শহরের পাঁচলাইশে শেভরন নামের একটি রোগ নির্ণয় কেন্দ্রে গতকাল রাত সাড়ে ১০টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা জোর করে ওই কেন্দ্রের লকার কক্ষে ঢুকে নগদ ১০ লাখ ৭০ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোনসেট ও স্বর্ণের তৈরি একটি গলার হার লুট করে।এ ঘটনার পর রাতেই পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে। মামলায় অজ্ঞাত ছয়-সাতজনকে আসামি করা হয়। আজ শনিবার পুলিশ কমিশনার মো. আবুল কাশেম, উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে ছয়জন মুখোশধারী ডাকাত শেভরনের বেসমেন্টে অবস্থিত লকার কক্ষে জোর করে ঢুকে পড়ে। এ সময় ওই কক্ষে তিনজন কর্মকর্তা কাজ করছিলেন। ডাকাতেরা অস্ত্রের মুখে তাঁদের জিন্মি করে ওই মালামাল লুট করে।এ সময় ওই প্রতিষ্ঠানে কর্মরত চিকিত্সক শেখ আনোয়ারুল করিম গাড়ি রাখার জন্য বেসমেন্টে ঢুকলে তাঁকেও ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতেরা তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়।এ ব্যাপারে শেভরনের ব্যবস্থাপক পুলক পারিয়াল বলেন, ব্যাংক বন্ধ থাকায় বৃহস্পতি ও শুক্রবারের টাকা লকারে রাখা হয়েছিল। ডাকাতেরা সবকিছু জেনেই সেখানে হামলা চালায়।পাঁচলাইশ থানার উপপরিদর্শক তাসলিমা জান্নাত মামলার কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।