চট্টগ্রামে রোববার বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিতর্কিত নেতা সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী রোববার চট্টগ্রামে ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় এই কর্মসূচি দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে দলীয় কার্যালয় নাসিমন ভবনে আয়োজিত সমাবেশ থেকে মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী হরতালের এই কর্মসূচি ঘোষণা করেন।দলীয় সূত্র জানায়, সাকা চৌধুরীকে গ্রেপ্তারের খবর জেনে তাঁর কয়েকজন সমর্থক সকাল ১০টার পর নাসিমন ভবনে জড়ো হন। ওই ভবনের প্রবেশপথ ও আশপাশের এলাকায় পুলিশ অবস্থান নেওয়ায় বারবার চেষ্টা করেও তাঁরা সাকা চৌধুরীর মুক্তির দাবিতে মিছিল বের করতে পারেননি। একপর্যায়ে সেখানে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী সমবেত হন। পুলিশ দুপুর ১২টায় বিএনপির নেতা-কর্মীদের বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করার অনুমতি দেয়। শোভাযাত্রা শুরুর আগে নাসিমন ভবনে সংক্ষিপ্ত সমাবেশে আমীর খসরু রোববার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতালের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণার আগে তিনি এ নিয়ে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্য নেতাদের সঙ্গে পরামর্শ করেন।সমাবেশ শেষে আমীর খসরুর নেতৃত্বে বিএনপির বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি কার্যত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে রূপ নিয়ে জুবিলি রোড, নিউমার্কেট ও স্টেশন রোড হয়ে বিআরটিসির হেদায়েত চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আবার সংক্ষিপ্ত সমাবেশ হয়।হরতাল আহ্বান প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী পরে প্রথম আলোকে বলেন, ‘বেগম খালেদা জিয়াকে সরকার যে কায়দায় বাড়ি থেকে উচ্ছেদ করেছে, একই কায়দায় সালাউদ্দিন কাদের চৌধুরীকেও গ্রেপ্তার করেছে।’ তিনি বলেন, ‘১৯ ডিসেম্বর সালাউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার শুনানির দিন ধার্য আছে। আদালত সিদ্ধান্ত দেওয়ার আগেই সরকার তাঁকে গ্রেপ্তার করে। আসলে সরকারের কর্মকাণ্ডে প্রমাণিত হচ্ছে দেশে আইনের শাসন নেই। এই সরকারের হাতে সাধারণ জনগণও নিরাপদ নয়। তাই আমরা বাধ্য হয়ে হরতাল ডেকেছি।’তাঁদের দেখা যায়নি: সূত্র জানায়, সাকা চৌধুরী গত অক্টোবরের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম নগরের গুডস হিলের পৈতৃক বাড়িতে ছিলেন। নভেম্বরের তৃতীয় সপ্তাহেও তিন দিন তিনি ওই বাসভবনে ছিলেন। এ সময় তাঁর গ্রামের বাড়ি রাউজান, নির্বাচনী এলাকা ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ার দুই শতাধিক নেতা-কর্মীকে তাঁর আশপাশে দেখা গেছে। গতকাল গ্রেপ্তারের খবর জানাজানি হলে তাঁর হাতে গোনা যে কয়েকজন সমর্থককে নাসিমন ভবনে দেখা গেছে, তাঁদের মধ্যে এঁরা ছিলেন না। গতকাল যাঁরা তাঁর মুক্তির দাবিতে মিছিল বের করার চেষ্টা করেন তাঁদের মধ্যে ছিলেন উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার সেলিম, মহানগর ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ ইলিয়াছ।গুডস হিলে অবস্থানের সময় সাকা চৌধুরীর আশপাশে থাকা নেতা-কর্মীদের গতকাল দেখতে না পাওয়া সম্পর্কে জানতে চাইলে সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘সময় হলে সবাইকে দেখতে পাবেন। তাঁর গ্রেপ্তার আমরা মেনে নেব না। অচিরেই আমরা এর জবাব দেব।’