চট্টগ্রামে র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে শীর্ষ সন্ত্রাসী ওসমান নিহত
চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওসমান বাহিনীর প্রধান ওসমান গতকাল শুক্রবার রাত দুইটায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছেন। এ সময় ওসমানের আস্তানা থেকে র্যাব একটি বিদেশি রিভলবারসহ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করে।র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ওসমানের বিরুদ্ধে ১০টি হত্যা, পাঁচটি অস্ত্র মামলাসহ ২০টি মামলা রয়েছে। ফটিকছড়ি উপজেলার দক্ষিণ রাঙামাটিয়া এলাকার ইটভাটার কাছে গতকাল গভীর রাতে সহযোগীদের নিয়ে ওসমান গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে র্যাব সেখানে অভিযান চালায়। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, ইটভাটার কাছে যাওয়ার চেষ্টা করলে ওসমান বাহিনী বৈঠকস্থল থেকে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় ওসমানের সহযোগীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। গোলাগুলির একপর্যায়ে র্যাব ঘটনাস্থল থেকে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলেই তিনি মারা যান বলে র্যাব জানায়। স্থানীয় লোকজন তাঁকে ওসমান হিসেবে শনাক্ত করে। মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আরও জানান, ওসমানের অস্ত্রভান্ডার সম্পর্কে খোঁজখবর চলছে। তাঁর মৃত্যুর খবরে ফটিকছড়িতে স্বস্তি নেমে এসেছে বলে তিনি জানান।