চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবির ক্যাডার নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালিকা-ভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী ও শিবিরের ক্যাডার জসিম ওরফে ফাইভ স্টার জসিম গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি গত বছরের ২৬ জানুয়ারি জামিনে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সূত্র জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাবের সদস্যরা শহরতলীর অক্সিজেন-সংলগ্ন সিডিএর নতুন আবাসিক এলাকা অনন্যার কাছে জসিমের আস্তানায় অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে জসিম গুলি ছোড়েন। র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে জসিম গুরুতর আহত হন। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠায়। র‌্যাব ঘটনাস্থল থেকে দুটি এলজি, তিনটি কার্তুজ ও কার্তুজের একটি খোসা উদ্ধার করে।র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন এ প্রসঙ্গে বলেন, র‌্যাবের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাতে গেলে জসিম তাঁদের লক্ষ্য করে গুলি করেন। র‌্যাবও পাল্টা গুলি করে। একপর্যায়ে অনন্যা আবাসিক এলাকার কাছে তাঁর মৃত্যু হয়।স্থানীয় সূত্র জানায়, জসিমের মৃত্যুর খবরে বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় মানুষের মধ্যে স্বস্তি নেমে আসে। চাঁদাবাজি ও সন্ত্রাস ছিল তাঁর পেশা। এলাকায় বাড়িঘর নির্মাণ কিংবা জমি কেনাবেচা করতে হলে তাঁকে চাঁদা দিতে হতো। সন্ত্রাসীদের অপকর্মের প্রতিবাদ করায় প্রায় এক যুগ আগে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত আলী খুন হন। এই হত্যা মামলার অন্যতম আসামি জসিম। অপর ১৪টি মামলার মধ্যে তিনটি হত্যা মামলা।সূত্র জানায়, জসিম ২০০৩ সালের ১০ অক্টোবর অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। গত বছরের ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগর আদালত থেকে তাঁর নামে একটি হত্যা মামলার হাজিরা পরোয়ানা (পিডব্লিউ) প্রত্যাহার হয়। ওই রাতেই তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান। তাঁর মুক্তি পাওয়ার বিষয়টি র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা জানতেন না। এর আগে অপর ১৪টি মামলায় তিনি একে একে জামিন পেয়েছিলেন।