চট্টগ্রামে লাঠিসোঁটা নিয়ে মহড়া, ছয় স্কুলছাত্রসহ নয় কিশোর আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের অভিজাত আবাসিক এলাকা সুগন্ধায় লাঠিসোঁটা নিয়ে মহড়া দেওয়ার সময় নয়জন কিশোরকে পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার জুমার আগ মুহূর্তে তাদের আটক করা হয়। এদের মধ্যে ছয়জন স্কুলের ছাত্র। কোচিং সেন্টারে ছাত্রদের দুই পক্ষের বিরোধ বা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার বলেন, ‘কোচিং সেন্টারের কারণে সুগন্ধার পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসীর অনুরোধে আমরা ২০টির মতো কোচিং সেন্টার উঠিয়ে দিয়েছি। আরও চারটি আছে বলে জেনেছি। ওই কোচিং সেন্টারগুলোতে ছেলেমেয়েদের যাতায়াত আছে। এ কারণে উঠতি বয়সের ছাত্রসহ বখাটে ছেলেরা কোচিং সেন্টারের আশপাশে জড়ো হয়। আমরা লাঠিসোঁটাসহ আটক কিশোরদের ব্যাপারে তদন্ত করছি।’আটক নয়জন কিশোর হচ্ছে মোহাম্মদ হানিফ, মো. ছাকিবুল ইসলাম, মো. ইরফানুল হক, অভিক দাস, জয়ন্ত দাস, মো. ইমরান হোসেন, মোহাম্মদ রাব্বী, মোহাম্মদ ফারুক ও মোহাম্মদ তারেক। এদের মধ্যে প্রথম ছয়জন চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয় ও প্রবর্তক বিদ্যাপীঠের ছাত্র। অন্য তিনজন ছাত্র নয়। তাদের কাছ থেকে সাতটি লাঠি, একটি হকিস্টিক ও দুটি চাবুকজাতীয় বেল্ট উদ্ধার করা হয়।সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, ‘কোচিং সেন্টারের কারণে সুগন্ধায় বাইরের এলাকার বখাটে ছেলেদের আনাগোনা বেড়ে গেছে। মেয়েরা পড়তে আসে বলে কিশোর-বখাটেদের নজর এখন কোচিং সেন্টারের দিকে। বুধবার সন্ধ্যায় আমরা সুগন্ধা থেকে তিন কিশোরকে ধরে পুলিশে সোপর্দ করি। থানা থেকে ছাড়া পাওয়ার পর তাদের সাহস বেড়ে গেছে। আজ (শুক্রবার) তারা আবার জড়ো হয়ে এলাকায় ভীতি সৃষ্টি করে।’প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জন কিশোর লাঠিসোঁটা ও কিরিচ নিয়ে সুগন্ধা সংগীত ভবনের কাছে জড়ো হয়। ‘ওরা কোথায়, শালাদের ধর’ বলে চিত্কার করতে করতে তারা মহড়া দিতে থাকে। এ সময় এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পাঁচজনকে লাঠিসোঁটাসহ আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ আরও চারজনকে ধরে।পাঁচলাইশ থানায় আটক কিশোর ছাকিবুল ইসলাম বলে, স্কুলের অনুষ্ঠান শেষে সুগন্ধায় এক বন্ধুর কাছে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। আরেক কিশোর দশম শ্রেণীর ছাত্র ইরফানও একই দাবি করে। কয়েকজন ছেলের হাতে লাঠিসোঁটা দেখেছে স্বীকার করে তারা দাবি করে, ওদের তারা চেনে না।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, ‘আটক কিশোরেরা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। তারা একেক সময় একেক ধরনের কথা বলছে। অথচ লাঠিসোঁটাসহ পাঁচজনকে এলাকাবাসী আটক করে। আমরা চারজনকে ধরি। থানায় এসে তারা সব অস্বীকার করছে।’সৌমেন হত্যাকাণ্ড: কলেজিয়েট স্কুলের ছাত্র সৌমেন বিশ্বাস ওরফে অনিক হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখনো ধরতে পারেনি পুলিশ। সন্দেহভাজন দুই ছাত্র মোহাম্মদ আনাস ও আকিবের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি তারা।তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত ইসলাম বলেন, ‘হত্যাকারীদের তো আমরা শনাক্ত করেছি। তারা গা-ঢাকা দেওয়ায় আমরা এ মামলার তদন্ত শেষ করতে পারছি না।’