চট্টগ্রামে লালদিঘিকে সুইমিংপুলে রূপান্তরের কাজ তিন মাস স্থগিত
চট্টগ্রামের লালদিঘিকে সুইমিংপুলে রূপান্তর কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। লালদিঘিকে সুইমিংপুলে রূপান্তর কার্যক্রম কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।দিঘিটিকে সুইমিংপুলে রূপান্তরের বৈধতা চ্যালেঞ্জ করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, ভূমি সচিব, পরিবেশ ও বন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ আটজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ইকবাল কবীর শুনানিতে অংশ নিয়ে বলেন, নগর উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্লান (নকশা) অনুযায়ী লালদিঘিকে দিঘি হিসেবেই চিহ্নিত করা হয়েছে। দিঘি হিসেবে এটিকে গুরুত্ব দিয়ে সংরক্ষণ ও ব্যবস্থাপনার কথাও বলা হয়েছে। কিন্তু নগর উন্নয়ন কর্তৃপক্ষ দিঘিটিকে সুইমিংপুলে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বলে ২০ এপ্রিল সংবাদ প্রকাশিত হয়। তিনি আরও বলেন, দিঘিটি সর্বসাধারণের জন্য এখন উন্মুক্ত। কিন্তু সুইমিংপুল হলে সর্বসাধারণের প্রবেশাধিকার অনেকাংশে কমে যাবে।