চট্টগ্রামে লিটার ৮৮ টাকা, ঢাকাসহ সারা দেশে ৯০
লিটারে চার টাকা করে বাড়িয়ে ভোজ্যতেলের নতুন দর বেঁধে দিয়েছে সরকার। আগের দফায় শুধু সয়াবিনের দর বেঁধে দেওয়া হলেও এবার পাম তেলের দরও বেঁধে দেওয়া হয়েছে।এখন থেকে ঢাকার খুচরা বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার সর্বোচ্চ ৯০ টাকা দরে। চট্টগ্রামের ক্ষেত্রে এ দর হবে ৮৮ টাকা। অন্যদিকে খোলা পাম তেলের ঢাকার সর্বোচ্চ খুচরা দর লিটারপ্রতি ৮৬ টাকা আর চট্টগ্রামে ৮৫ টাকা।খোলা সয়াবিনের তুলনায় পেট বোতলজাত তেলের দর সর্বোচ্চ ১৫ শতাংশ বেশি হতে পারবে। শুধু এক লিটারের বোতলের ক্ষেত্রে যোগ হবে বোতলের মূল্য। সে হিসাবে বোতলজাত সয়াবিনের ঢাকার দর হবে প্রতি লিটার ১০১ টাকা ২০ পয়সা। আর চট্টগ্রামে হবে ১০০ টাকা ৫ পয়সা।আজ বৃহস্পতিবার থেকে আগামী ১৫ দিনের জন্য কার্যকর হবে এ দর। ঢাকার দর সারা দেশের জন্য আর চট্টগ্রামের দর বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের জন্য প্রযোজ্য।ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকদের সঙ্গে সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ নতুন এ দরের কথা জানিয়েছেন।খুচরার পাশাপাশি মিলগেটের নতুন দরের কথাও জানান এ কে আজাদ। ঢাকার মিলগেটে সয়াবিনের নতুন দর প্রতি লিটার ৮৮ টাকা আর চট্টগ্রামে ৮৭ টাকা। পাম তেলের মিলগেটের দর ঢাকায় ৮৪ টাকা ও চট্টগ্রামে ৮৩ টাকা।৭ ডিসেম্বর থেকে কার্যকরের কথা বলে ৫ ডিসেম্বর সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সারা দেশে সয়াবিনের দর বেঁধে দিয়েছিল সরকার। সে অনুযায়ী খুচরা বাজারে খোলা সয়াবিনের লিটার ঢাকায় ৮৬ টাকা আর চট্টগ্রামে ৮৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার মিলগেটের দর ৮৩ টাকা আর চট্টগ্রামে ৮১ টাকা। কিন্তু এ দর পুরোপুরি মানা হয়নি বলে দুই দিন আগে বাণিজ্যসচিবই সাংবাদিকদের জানিয়েছেন।গতকাল অবশ্য বাণিজ্যসচিব গোলাম হোসেন সংবাদ সম্মেলনের শুরুতেই এফবিসিসিআইয়ের সভাপতিকে নতুন দরসহ সব সিদ্ধান্ত জানানোর অনুরোধ করেন।এ সময় অতিরিক্ত বাণিজ্যসচিব মর্তুজা রেজা চৌধুরী, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, এফবিসিসিআইয়ের পরিচালক হেলালউদ্দিন, টিসিবির চেয়ারম্যান মো. খলিলুর রহমান, প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক এম এ সবুর এবং মূল্য পরিস্থিতি তদারক করতে ট্যারিফ কমিশনের চেয়ারম্যানকে প্রধান করে সাত সদস্যের যে কমিটি করা হয়েছিল, এর সদস্যরা উপস্থিত ছিলেন।আর সরকারের সঙ্গে ভোজ্যতেলের দর পুনর্নির্ধারণের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে মেঘনা, এস আলম, নূরজাহান, টিকে ও সিটি গ্রুপ এবং ইলিয়াস ব্রাদার্স, বাংলাদেশ এডিবল অয়েল, মেরিন ভেজিটেবল অয়েল, মাল্টি অয়েল রিফাইনারি, এস এ অয়েল রিফাইনারি, মোস্তফা ভেজিটেবল অয়েল ও রুবাইয়া ভেজিটেবল অয়েলের প্রতিনিধিদের সঙ্গে। বাণিজ্যসচিব গোলাম হোসেন জানান, টনপ্রতি এক হাজার ডলারকে ভিত্তি ধরে নতুন দর নির্ধারণ করা হয়েছে। তবে এটা ঠিক, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে ব্যবসায়ীদের সঙ্গে ঘন ঘন বসতে হবে।এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, আন্তর্জাতিক বাজারে বাড়ার কারণে খুচরা দর বেঁধে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। একদিকে সরকার বলছে, দর বেড়ে গেলে বিরূপ প্রতিক্রিয়া হবে, সুতরাং বাড়তে দেওয়া যাবে না। অন্যদিকে ব্যবসায়ীরা বর্তমানে আমদানি করতেই নিরুৎসাহিত হচ্ছেন। তারপরও সরকারের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় আসা গেছে।দর নির্ধারণের বিষয়ে ১৫ দিন পর আবারও বৈঠক হওয়ার কথা জানিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া আর ভোজ্যতেলের দর বাড়ানো যাবে না।ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারের গতিবিধি সব সময় নজরে রাখা হবে। আর ১৫ দিন পর আবার যে বৈঠক হবে, তাতে দর বাড়তেও পারে, আবার কমতেও পারে।বৈঠক সূত্র জানায়, জাহাজ ভাড়া, কর, পরিশোধন ব্যয়, ব্যাংকের সুদ, পরিশোধনজনিত ঘাটতি এবং মুনাফা ধরেই ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করা হয়েছে। সরবরাহের কোনো ঘাটতি না থাকার কথাও আলোচনা হয়েছে বৈঠকে। মাসে এক থেকে সোয়া লাখ টনের চাহিদা থাকলেও সরকারি ও বেসরকারি পর্যায় মিলিয়ে দুই লাখ টনের বেশি ভোজ্যতেলের মজুদ রয়েছে।তবে গতকাল যে নতুন দর নির্ধারিত হয়েছে, তা হওয়ার কথা ছিল বাণিজ্য মন্ত্রণালয়ে একই বিষয়ে গত সোমবার অনুষ্ঠিত বৈঠকে। কিছু বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের দ্বিমত থাকায় তা সম্ভব হয়নি—এ কথা উল্লেখ করে ওই দিন বাণিজ্যসচিব সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্ধারিত দরের চেয়ে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাত টাকা বেশি অর্থাৎ ৮৮ থেকে ৯২ টাকা লিটার দরে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, গতকাল দর আরও বেড়ে বিক্রি হয়েছে ৯২ থেকে ৯৫ টাকা লিটার।