চট্টগ্রামে শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধা
বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। গতকাল শনিবার রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। আজ রোববার সকালেও শহীদ মিনারে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা ভিড় করে ফুল হাতে।শহীদ মিনারে আসা বিভিন্ন রাজনৈতিক দল যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে স্লোগান দেয়। তাদের হাতে ছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসংবলিত প্ল্যাকার্ড।বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ। এরপর সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী নগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্যানেল মেয়র মোহাম্মদ হোসেনের নেতৃত্বে সিটি করপোরেশনের কাউন্সিলররা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, জেলা প্রশাসক আবদুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী খান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। শহীদ মিনারের আশপাশে বিভিন্ন সংগঠন আয়োজন করে আলোচনা সভা, পথনাটক, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠান। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে এম এ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সিটি করপোরেশনের স্কুল ও কলেজগুলোর শিক্ষার্থীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বাকলিয়া সিটি করপোরেশনের স্টেডিয়ামে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে সকালে এম এ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বের হয় বিজয় শোভাযাত্রা।