চট্টগ্রামে শহীদ মিনারে মানুষের ঢল
বিনম্র শ্রদ্ধায় চট্টগ্রামে পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনারে মানুষের ঢল নামে। দীর্ঘ এক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষ। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে শহীদবেদিতে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। এরপর একে একে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের পুষ্পমাল্য অর্পণ শেষে রাত সোয়া ১২টায় শহীদ মিনার সর্বস্তরের জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। তখন শহীদ মিনার লোকে লোকারণ্য হয়ে পড়ে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। নিরাপত্তাকর্মী ও আয়োজকদের সেটা সামাল দিতে বেগ পেতে হয়। এর মধ্যে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জুর মোরশেদ খান, নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ফুল দেন। তবে তার আগেই আরেক কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের পক্ষে অপর একটি পক্ষ শহীদবেদিতে শ্রদ্ধা জানায়।রাতের পর রোববার ভোরেও বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসে। এ সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা শহীদবেদিতে ফুল দেয়। আবাল-বৃদ্ধবনিতা থেকে শুরু করে ছোট্ট শিশুটিও এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।