চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডকে ১৫ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝুঁকিপূর্ণ পরিবেশে জাহাজ কাটা ও পরিবেশ-দূষণের দায়ে সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় রহিম স্টিল কোম্পানি নামের একটি পুরোনো জাহাজ-ভাঙা প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।আজ মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী (এনফোর্সমেন্ট) এ অভিযান চালান।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় সাত একর জায়গার ওপর স্থাপিত ওই ইয়ার্ডে ২০০৯ সালের ডিসেম্বরে একটি পুরোনো অয়েল ট্যাংকার কাটার সময় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত এবং সাতজন আহত হন। এর পরও জাহাজ কাটার জন্য সেখানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি।পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুনীর চৌধুরী বলেন, ‘অধিদপ্তরের তদন্তে দেখা যায়, ২৬ বছরের পুরোনো ইয়ার্ড হলেও জাহাজ কাটার জন্য পরিবেশ অধিদপ্তর এবং বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি।’ এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।এর আগে গতকাল সোমবার পরিশোধন ছাড়া বর্জ্য ফেলে কর্ণফুলী নদীর পানি ও পরিবেশ-দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর বেইস টেক্সটাইল মিলস লিমিটেড ও রিফ লেদার লিমিটেড নামের দুটি প্রতিষ্ঠানকে ৪০ লাখ টাকা জরিমানা করে। এর মধ্যে প্রথমটিকে ৩২ লাখ ও পরেরটিকে আট লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই অভিযানেও নেতৃত্ব দেন মুনীর চৌধুরী।মুনীর চৌধুরী বলেন, ‘কারখানা দুইটির বর্জ্য পরীক্ষা করে আমরা প্রমাণ পেয়েছি, ওই দুইটি কারখানাই কর্ণফুলী দূষণ করছে। তাই তাদের জরিমানা করা হয়। এর আগে তাদের পরিবেশ ছাড়পত্র নেওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।’