চট্টগ্রাম নগরে গতকাল শনিবার ছাত্রশিবির পরিচালিত একটি কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে শিবিরের কর্মী সন্দেহে ২৫ জনকে আটক করে পুলিশ। তাঁদের একজনকে ছাড়িয়ে নিতে থানায় গিয়ে পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন যুবলীগের কয়েকজন নেতা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে শিবির পরিচালিত প্রবাহ কোচিং সেন্টার থেকে এসএসসি-উত্তীর্ণদের সংবর্ধনা চলছিল। পাঁচলাইশ অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুর রউফ অভিযোগ করেন, তাঁরা সেখানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, আটকের পর থানায় এনে তাঁদের পরিচয় খতিয়ে দেখা হচ্ছিল। এ সময় আওয়ামী লীগের নেতা আজম নাছির উদ্দিনের অনুসারী বলে পরিচিত ছাত্রলীগের নগর স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দিদারুল আলম পাঁচলাইশ থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের সঙ্গে বাগিবতণ্ডায় লিপ্ত হন। দিদারুল ওসির উদ্দেশে বলেন, ‘কেন আমার ভাইপোকে আটক করেছেন? এখনই তাঁকে ছাড়েন। আমি নগর ছাত্রলীগের সাবেক নেতা।’ এ সময় কয়েকজন উপপরিদর্শক (এসআই) এসে দিদারুলকে ধাক্কা দিয়ে সেখান থেকে নিয়ে যান। পরে তাঁকে কর্তব্যরত কর্মকর্তার কক্ষে বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর ছাত্রলীগের বাকলিয়া চিটাগং কমার্শিয়াল ইনস্টিটিউটের সাবেক ভিপি ওসমান গনি থানা চত্বরে আসেন। পুলিশ তাঁকে থানায় ঢুকতে ফটকে বাধা দিলে বাগিবতণ্ডার সৃষ্টি হয়। এই সংবাদ পেয়ে আজম নাছিরের অনুসারী ছাত্রলীগের নগর স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য হাসান মুরাদ ওরফে বিপ্লবসহ কয়েকজন থানায় প্রবেশ করে ওসির সঙ্গে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন।জানতে চাইলে হাসান মুরাদ বলেন, ‘দিদারুল তাঁর ভাইপো আটকের কথা শুনে থানায় আসেন। কিন্তু ছাত্রলীগ বলে তো পুলিশ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। আমরাও চাই শিবিরের নাশকতা বন্ধ হোক।’