চট্টগ্রামে শিবির কার্যালয়ে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে একটি এলজি বন্দুক, একটি কার্তুজ, ডজনখানেক হাতুড়িসহ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, অভিযান চলাকালে শিবির কার্যালয়ে কাউকে পাওয়া যায়নি। ভবনের বিভিন্ন কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়। এ সময় পুলিশ প্রতিটি দরজার তালা ভেঙে তল্লাশি চালায়।নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ ও কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার মনজুর মোরশেদের নেতৃত্বে পুলিশ নগরের ডিসি রোডে অবস্থিত ছাত্রশিবিরের কার্যালয়ে অভিযান চালায়। রাত সাড়ে ১১টা থেকে একটা পর্যন্ত টানা এ অভিযান চলে। চাক্তাই খালের পার ঘেঁষে তৈরি আর ইসরা ভবন নামের চারতলা এ ভবনে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর শাখার কার্যালয়। এ ছাড়া চট্টগ্রামে ছাত্রশিবিরের সার্বিক কার্যক্রমও এখান থেকে তত্ত্বাবধান করা হয়।অভিযান শেষে নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর ছাত্রশিবিরের কর্মীরা মুরাদপুরে মিছিল করার সময় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনারের ওপর হামলা চালায়। এ হামলার প্রধান আসামি বদিউর রহমানকে কক্সবাজার থেকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিবির কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় এলজি বন্দুক ও অন্যান্য দেশীয় অস্ত্র ছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া গেছে বলে তিনি জানান।