চট্টগ্রামে শিবিরের গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে আজ রোববার সন্ধ্যার দিকে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা অন্তত ১২টি বাস ভাঙচুর করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর আগে ছাত্রশিবিরের কর্মীরা বহদ্দারহাট মোড়ে স্লোগান দিয়ে হঠাত্ করে মিছিল শুরু করেন। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই জনশূন্য হয়ে পড়ে ব্যস্ততম বহদ্দারহাট মোড়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ মাগরিবের আজানের পরপরই মানুষের জটলার ভেতর থেকে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ‘নারায়ে তকবির’ বলে স্লোগান দেওয়া শুরু করেন। এরপর হঠাত্ করেই তাঁরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান এবং গাড়ি ভাঙচুর করতে থাকেন। ঘটনার প্রত্যক্ষদর্শী খোরশেদ আলম প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ করেই শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। পরে তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটান এবং গাড়ি ভাঙচুর করেন। পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুর রউফ জানান, শিবিরের নেতা-কর্মীরা বহদ্দারহাট মোড়ে অন্তত ১২টি বাস ভাঙচুর করেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।