চট্টগ্রামে শিবিরের বোমা হামলা, চার পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরে জামায়াত-শিবির ভাঙচুর ও বোমাবাজি করে। বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। গতকাল দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা থেকে এই মিছিল বের করা হয়।পুলিশের আহত সদস্যরা হলেন মো. সোলায়মান, সাইফুল, মো. নাছির ও রাশেদ। তাঁরা দামপাড়া পুলিশ লাইন থেকে চকবাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামায়াতের সহিংস এই মিছিলের নেতৃত্ব দেন মহানগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলাম।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আন্দরকিল্লা শাহি জামে মসজিদে নামাজ শেষে আন্দরকিল্লা থেকে মিছিলটি সিরাজদৌল্লা সড়ক হয়ে চকবাজারে গিয়ে পৌঁছায়। এ সময় তারা অলি খাঁ মসজিদের পাশে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে বোমা ও ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের ওই চার সদস্য আহত হন। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি করে।এর আগে জামায়াতের মিছিলটি আন্দরকিল্লা থেকে আসার পথে আশপাশের বিভিন্ন ভবন ও দোকানের কাচ ভাঙচুর করে। একটি বাস ও একটি টেম্পোও ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে নগরের প্যারেড ময়দানের দুই পাশে দুটি টায়ারে অগ্নিসংযোগ করে। মিছিলের পেছনে পেছনে প্রায় পুলিশের ৫০ জন সদস্য ছিলেন। এরপর অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব এসে প্যারেড কর্নারে এবং চকবাজার এলাকায় জড়ো হলে মিছিলকারীরা পালিয়ে যায়।গতকাল নগরের আন্দরকিল্লার পাশে কদম মোবারক মসজিদে নামাজ আদায় করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরাও নামাজ শেষে মোমিন রোড এলাকায় মিছিল নিয়ে বের হন। এ সময় তাঁরা জামায়াত-শিবিরের বিরুদ্ধে স্লোগান দেন। এ কারণে জামায়াত-শিবির তাদের মিছিলের গতিপথ পরিবর্তন করে চকবাজারের দিকে চলে যায়।