চট্টগ্রামে শিশুসহ মা খুন!
শিশুসন্তানকে হত্যার পর দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি পুলিশকে জানাতে স্বামী আবদুল বারেক (২৬) ও সতিন লাকি বেগম (২৬) থানায় যান। তাঁরা ফাঁস থেকে রহিমার ঝুলন্ত লাশ নামিয়ে সন্তানের লাশের পাশে রেখেছেন বলে পুলিশকে জানান। তাঁদের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘরে গিয়ে মা ও শিশুপুত্রের লাশ উদ্ধার করে।চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া বয়রা পুকুরপাড়ের জনৈক সিরাজ মিয়ার ভাড়া ঘরে গতকাল শনিবার দুপুরে নৃশংস এই ঘটনা ঘটে। শিশুটির নাম হূদয়। মা ও শিশুকে হত্যার ঘটনায় পুলিশ বারেক ও তাঁর প্রথম স্ত্রী লাকি বেগমকে সন্দেহ করছে। গতকালই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রথম স্ত্রীর প্ররোচনায় বারেক দ্বিতীয় স্ত্রী রহিমা ও তাঁর শিশুসন্তান হূদয়কে হত্যা করেন। রহিমাকে শ্বাসরোধে এবং শিশু হূদয়কে আছাড় মেরে হত্যা করা হয়। রহিমার চোখ ও গলার এক পাশে আঘাতের চিহ্ন রয়েছে। হূদয়ের মুখমণ্ডলে রক্ত জমে আছে।জানা গেছে, ২০-২৫ দিন আগে বারেক পরিবারের সদস্যদের নিয়ে সিরাজ মিয়ার ভাড়া ঘরে ওঠেন। বারেক পেশায় একজন বাসচালক। তিনি শহর এলাকায় বাস চালান।পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে বারেক ও লাকি বেগম পাহাড়তলী থানায় এসে পুলিশকে দুজনের বিষয়টি জানান। পুলিশ গিয়ে ঘরের তালা খুলে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। ইতিমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বারেক ঠান্ডা মাথার খুনি। স্ত্রী-সন্তান খুন হওয়ার পরও তাঁকে নির্বিকার দেখা গেছে। প্রথম স্ত্রীকে নিয়ে থানায় এসে তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলেন।’বারেক প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি চট্টগ্রাম শহর এলাকার বাসের চালক। ভোরে উঠে আমি কাজে চলে যাই। দুপুরে আমার প্রথম স্ত্রী মোবাইলে ফোন করে দ্বিতীয় স্ত্রীর ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার খবর দিলে আমি বাসায় আসি। এরপর পুলিশে খবর দিতে থানায় আসি।’রহিমার বড় বোন জোহরা বেগম (৩০) বলেন, ‘দুই বছর আগে আমার বাসা থেকে পালিয়ে রহিমা বাসচালক বারেককে বিয়ে করে। বিয়ের পর আমার বোন আগের স্ত্রী থাকার কথা জানতে পারে। এরপরই বোনের সংসারে তিক্ততা শুরু হয়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রহিমা আমাদের কাছে চলে আসে। তখন রহিমা আমাদের সঙ্গে মুরগির খামার এলাকার বাসায় ছিল। প্রায় এক মাস আগে বারেক এসে প্রতিশ্রুতি দেন, তিনি আর রহিমার ওপর নির্যাতন চালাবেন না। তাঁর এই প্রতিশ্রুতি পেয়ে রহিমা শিশুসন্তানকে নিয়ে বারেকের সঙ্গে যায়।’মা ও শিশুসন্তানকে হত্যার অভিযোগে রহিমার বোন জোহরা বাদী হয়ে গতকাল রাতে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় তদন্ত চলছে বলে পুলিশ জানায়।