চট্টগ্রামে শেভরন ক্লিনিকের দুঃখ প্রকাশ, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের জন্য লাইনে দাঁড়ানো-না দাঁড়ানোকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি ক্লিনিক শেভরনের কর্মীদের সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদের গতকাল শনিবার বাগিবতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষ পরস্পরকে লাঞ্ছিত করেছে বলে উভয়পক্ষই অভিযোগ করে। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ আজ রোববার এক সমঝোতা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে। কলেজ সূত্রে জানা গেছে, ক্লিনিক কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করায় মেডিকেল কলেজের ছাত্ররা দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক থেকে অবরোধ তুলে নেয়। এর আগে তাঁরা সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করে। পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কলেজ কর্তৃপক্ষ, শেভরন কর্তৃপক্ষ, পুলিশ ও ছাত্রদের প্রতিনিধি বৈঠকে বসেন। বৈঠকে ক্লিনিক কর্তৃপক্ষ গতকালের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলে ছাত্ররা শান্ত হন। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খিসা প্রথম আলোকে জানান, ছাত্রদের লাঞ্ছিত ও মারধর করার অভিযোগে গতকাল রাতেই মেডিকেল কলেজের ছাত্ররা ক্লিনিকের গার্ডসহ বেশ কয়েকজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। গতকাল রাতে ক্লিনিকের তিন গার্ডকে ক্লিনিক কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দিয়েছিল। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পাঁচলাইশ এলাকায় গতকাল রাতে শেভরন ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনের জন্য লাইনে দাঁড়ানো-না দাঁড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও পরস্পরকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এর জের ধরে ছাত্ররা তিন তলার ওই ক্লিনিকটিতে ব্যাপক ভাঙচুর চালান। পরে সড়কে নেমে অবরোধ করে গাড়ি ভাঙচুর করেন। শেভরন ক্লিনিক কর্তৃপক্ষ ছাত্রদের মারধর করার অভিযোগ ওঠায় তিনজন নিরাপত্তাকর্মীকে তাত্ক্ষণিক পুলিশের হাতে তুলে দেয়।