ভালো বেতন-ভাতার ঘোষণা দিয়েও কাজ হচ্ছে না
চট্টগ্রামে শ্রমিক চেয়ে পোশাক কারখানার মাইকিং, ব্যানার
‘দক্ষতা অনুযায়ী আকর্ষণীয় বেতন, সকল অপারেটর, কাটার আয়রন পারসন প্রতি মাসে ২০০ টাকা ও অন্যান্য পদে ১০০ টাকা উপস্থিতি বোনাস, দুই ঈদ বোনাস এবং স্টাফ বাস ও অন্যান্য সুযোগ-সুবিধায় নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে...’ মানবসম্পদ বিভাগ, কেডিএস গার্মেন্টস লি.। আবার এক কিলোমিটার দূরের বায়েজিদ বোস্তামী এলাকার শিরিন গার্মেন্টস ২৫০ টাকা বোনাস দেবে বলে নিয়োগ বিজ্ঞপ্তি টাঙিয়েছে। মাঝেমধ্যে মাইকিংও করা হচ্ছে। তার পরও কেডিএস বা শিরিন গার্মেন্টস পর্যাপ্ত শ্রমিক পাচ্ছে না। ফলে সময়মতো পণ্য রপ্তানি নিয়ে সংশয়ে আছেন পোশাক কারখানার মালিকেরা।শুধু কেডিএস বা শিরিন নয়, কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের ছোট-বড় প্রায় ৭০০ পোশাক তৈরির কারখানার প্রায় সব কটিতে এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে। মাইকিংও করা হচ্ছে মাঝেমধ্যে। আকর্ষণীয় বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার সুনাম আছে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) কারখানা ইয়াং ওয়ানের। এ কারখানার জন্যও এখন শ্রমিক মিলছে না। শ্রমিক চেয়ে দুই সপ্তাহ ধরে কারখানা এলাকায় মাইকিং করছে কর্তৃপক্ষ। গত শনিবার সকালেও তাদের মাইকিং করতে দেখা গেছে।ইপিজেডের মূল ফটকের নিরাপত্তাকর্মীরা জানান, সকালবেলা শ্রমিকেরা ইপিজেডে ঢোকার সময় মাঝেমধ্যে শ্রমিক নিয়োগের জন্য মাইকিং করা হয়। বাংলাদেশ শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও ছয়টি তৈরি পোশাক কারখানার মালিক মাহবুব আলী প্রথম আলোকে বলেন, ‘নারীকর্মীদের কারখানায় ধরে রাখতে এখন আমরা অনেক সুযোগ-সুবিধা দিচ্ছি। তার পরও তাঁরা চলে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘আগে অভিযোগ ছিল, মালিকেরা শ্রমিক ছাঁটাই করেন। এখন মনে হচ্ছে শ্রমিকেরাই মালিকদের ছাঁটাই করছে।’কারখানার মালিকেরা জানান, শহর এলাকায় থাকা-খাওয়ার খরচ ও নিরাপত্তার কথা ভেবে অনেক নারীকর্মী গ্রামে ফিরে যাচ্ছেন। আবার আগে গ্রাম থেকে তৈরি পোশাকের কারখানায় কাজের জন্য যে হারে মেয়েরা শহরে আসতেন, তাও কমে গেছে। গ্রামগঞ্জে এনজিওগুলোর ক্ষুদ্রঋণ বিতরণের কারণে অনেকে গ্রামে ছোট ব্যবসা-বাণিজ্য করতে উৎসাহী হচ্ছেন। এসব কারণে শহর এলাকার তৈরি পোশাক কারখানায় দেড়-দুই মাস ধরে মারাত্মক শ্রমিক-সংকট দেখা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, সিইপিজেডসহ শহরের বিভিন্ন এলাকার কারখানায় শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি ঝুলছে। সিইপিজেডের প্রায় সব সড়কের পাশে নিয়োগ বিজ্ঞপ্তির ব্যানার। এমনিতেই গ্যাস ও বিদ্যুৎ-সংকটে জর্জরিত তৈরি পোশাক কারখানা। তার ওপর শ্রমিক-সংকটে দিশেহারা পোশাকশিল্পের মালিকেরা। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি নাছির উদ্দীন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের কারখানাগুলোর চাহিদার তুলনায় এখন ১৫-২০ শতাংশ শ্রমিক কম আছে। এ কারণে বিভিন্ন কারখানা এখন আকর্ষণীয় বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার ঘোষণা দিচ্ছে। তার পরও শ্রমিক মিলছে না। বিজিএমইএ সূত্র জানায়, ২০০৭ ও ২০০৮ সালে স্থাপিত হলেও গ্যাস-সংকটের কারণে ৩৯টি কারখানা চালু হয় গত বছরের মাঝামাঝি। নতুন চালু হওয়া এসব কারখানাও পর্যাপ্ত শ্রমিক খুঁজে পাচ্ছে না। নতুন চালু হওয়া নাছিরাবাদ শিল্প এলাকায় সুপার নিটিং অ্যান্ড ডাইং মিলস লিমিটেড ৫২০ জন শ্রমিকের নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ব্যানার টাঙিয়েছে। এর বাইরে কর্ণফুলী ইপিজেডে উৎপাদন শুরুর প্রক্রিয়ায় আছে ১২টি কারখানা। নতুন এ ইপিজেডে ইতিমধ্যে ১৭টি কারখানা চালু হয়েছে। কিন্তু শ্রমিক-সংকটে কারখানা চালু রাখা দায় হয়ে পড়েছে। বিজিএমইএর হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন ৬৮৩টি কারখানা চালু আছে। এসব কারখানায় শ্রমিকসংখ্যা সাড়ে ছয় লাখ। গড়ে ২০ শতাংশ কম শ্রমিক নিয়ে উৎপাদন চালিয়ে যাচ্ছে এসব কারখানা। এ হিসাবে চট্টগ্রামের কারখানাগুলোর চাহিদার চেয়ে প্রায় এক লাখ শ্রমিক কম আছে।মাহবুব আলী বলেন, ‘চট্টগ্রাম ইপিজেড ও কালুরঘাট এলাকায় আমার ছয়টি কারখানায় ১৫ হাজার শ্রমিক আছে। এ মুহূর্তে সব কারখানা সচল রাখতে আরও তিন হাজার শ্রমিক দরকার। কিন্তু পাওয়া যাচ্ছে না।’