বেতনকাঠামো নিয়ে ক্ষোভ পুলিশের গুলি, ৫৬ পুলিশসহ শতাধিক আহত
চট্টগ্রামে শ্রমিক বিক্ষোভ, নিহত ৩
ইয়াংওয়ান করপোরেশনের কারখানায় অসন্তোষকে কেন্দ্র করে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গতকাল রোববার পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হূদেরাগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিন সাংবাদিক ও ৫৬ জন পুলিশ। দুজন গুলিতে এবং অপরজন মাথায় আঘাত পেয়ে মারা যান বলে পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে।সংঘর্ষ চলাকালে পুলিশ প্রায় সাড়ে ৫০০ গুলি ও ৯৫টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শ্রমিকেরা ইট কুড়িয়ে পুলিশকে লক্ষ্য করে ছুড়ে মারেন। তবে রফিকুল ইসলাম নামের একজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেন মহানগর পুলিশ কমিশনার মো. আবুল কাশেম। তিনি বলেন, ‘পুলিশ তো আর পুলিশকে গুলি করবে না। কারা করেছে, তা আমরা তদন্ত করে দেখছি।’ তিনজনের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করে পুলিশ কমিশনার বলেন, কীভাবে এঁদের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে।ঘটনার সময় স্থানীয় সাংসদ এম এ লতিফ শ্রমিকদের ধাওয়ার মুখে একটি ভবনে লুকিয়ে থাকেন। পরিস্থিতি শান্ত হলে বিকেলে তিনি নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে সঙ্গে নিয়ে সিইপিজেড এলাকায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ থেকে সিইপিজেডের সব কারখানা চালু হবে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (বেপজা) কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খানও বৈঠকে উপস্থিত ছিলেন।দুপুরে সংঘর্ষ চলাকালে ইপিজেডের ভেতরে ও বাইরে প্রায় ২০টি পোশাক কারখানা, ২৫টি যানবাহন, দুটি ব্যাংক ও সড়কের দুই পাশে অনেক দোকান ভাঙচুর করা হয়। এ সময় কাস্টমস মোড় থেকে প্রায় পাঁচ কিলোমিটারজুড়ে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩১ জনকে গ্রেপ্তার করে।বেপজা ঘোষিত বেতনকাঠামোর কারণে কিছু শ্রমিকের বেতন কমে গেছে দাবি করে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠে। গত শনিবার সিইপিজেডের ভেতরে বেছে বেছে ইয়াংওয়ান করপোরেশনের কারখানাগুলোতে হামলা-ভাঙচুর ও কর্মকর্তাদের মারধর করা হয়। এর জের ধরে গতকালের ঘটনা ঘটে।নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি রিকশাচালক, নাম আরিফুল হক। অন্য দুজনের পরিচয় মেলেনি। এই তিনজনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে রুহি দাস (৫০) নামের এ ব্যক্তি হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি সিএম সুপারিয়র নামের একটি কারখানার কার্টিং মাস্টার ছিলেন। বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়।যেভাবে ঘটনার সূত্রপাত: ঘটনাস্থল ঘুরে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের দিনের তাণ্ডবের কারণে ইয়াংওয়ান করপোরেশন কর্তৃপক্ষ শনিবার রাতেই তাদের ১৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। এসব কারখানার কয়েক হাজার শ্রমিক কাল সকাল সাড়ে আটটা থেকে সিইপিজেডের ভেতরে ঢুকে বন্ধ কারখানাগুলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে।ঘটনাস্থলে গতকাল ভোর থেকে দায়িত্বপালনকারী শিল্পপুলিশের সহকারী কমিশনার মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিন সকালে সিইপিজেডের কারখানাগুলোর অন্তত এক লাখ শ্রমিক বাইরে থেকে আসে। তাই কারা ইয়াংওয়ান করপোরেশনের শ্রমিক, তা শনাক্ত করা সম্ভব ছিল না।রেজাউলের দেওয়া বর্ণনা মতে, ইয়াংওয়ানের বন্ধ কারখানার সামনে বিক্ষোভরত শ্রমিকদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ছত্রভঙ্গ হয়ে তারা বিভিন্ন দলে ভাগ হয়ে একপর্যায়ে সিইপিজেডের মূল ফটকে অবস্থান নেয়। আবার বাইরে থেকে যেসব শ্রমিক ভেতরে যাচ্ছিল, তাদের সংঘবদ্ধ করতে থাকে। সহিংসতার আশঙ্কায় পাশের একটি কারখানা বন্ধ করে দিলে সেটির কয়েক হাজার শ্রমিক বেরিয়ে আসে। তারা বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে যোগ দিয়ে পুলিশের ওপর আক্রমণ শুরু করে।এ পরিস্থিতিতে সকাল ১০টার দিকে ইপিজেডের চালু ১৬০টি কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়া শুরু হয়। ফলে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে। এসব কারখানায় প্রায় দেড় লাখ শ্রমিক কাজ করে। কিছু শ্রমিক বের হয়ে মূল ফটকের দুই পাশের সড়কে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভে কিছু লুঙ্গি পরা অতি উৎসাহী লোককেও দেখা গেছে।এ সময় এদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলে। শ্রমিকেরা চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাতায়াতের একমাত্র রাস্তা অবরোধ করে। এতে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে কয়েকটি যানবাহন ভাঙচুর করে।ভাঙচুর-ইট নিক্ষেপ: সকাল সাড়ে ১০টার পর প্রায় ৩০ হাজার শ্রমিক মূল সড়কের দখল নিয়ে অন্তত ২৫টি যান ভাঙচুর করে। এর মধ্যে একটি মোটরসাইকেল ও শ্রমিক পরিবহনকারী একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। নগর পুলিশের কমিশনার বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ১০ ও র্যাবের পাঁচটি গাড়ি এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এর বাইরে আরও কিছু গাড়ি ভাঙচুর হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তারের খবর তিনি নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, যানবাহন ছাড়াও সল্টগোলা রেল ক্রসিং থেকে ইপিজেড হয়ে নেভি হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশের দোকান, ব্যাংক, পোশাক কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এ সময় ইপিজেডের মুখে ডাচ্-বাংলা ব্যাংক ও জনতা ব্যাংকের দুটি শাখা ভাঙচুর হয়। এসব ঘটনার ছবি তুলতে গেলে শ্রমিকেরা বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌস ও ইনকিলাব-এর ফটোসাংবাদিক কুতুব উদ্দিন চৌধুরী ও প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক রাশেদ মাহমুদের ওপর হামলা চালায়। গুরুতর আহত ফেরদৌস ও কুতুবকে যথাক্রমে হলি ক্রিসেন্ট হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।অবরুদ্ধ লতিফ: দুপুর ১২টার দিকে সল্টগোলা মোড় থেকে দলীয় কর্মীসহ মিছিল নিয়ে ঘটনাস্থলের দিকে যেতে থাকেন সাংসদ এম এ লতিফ। এ সময় ভ্যানে করে একের পর এক আহত শ্রমিককে নিয়ে যেতে দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। তখন উত্তেজিত শ্রমিকেরা ব্যারিস্টার সুলতান আহমদ ডিগ্রি কলেজের সামনে চারটি কারখানায় ভাঙচুর চালায়।সেখানে উপস্থিত সাংসদ লতিফ শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালান। উত্তেজিত শ্রমিকেরা তাঁকে ইপিজেডের মূল ফটকে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু তিনি সেখানে যেতে না চাইলে শ্রমিকেরা তাঁর বিরুদ্ধে স্লোগান দেয়। এ সময় লতিফ পিছু হটতে থাকলে তাঁকে লাঞ্ছিত করে শ্রমিকেরা। একপর্যায়ে তিনি মূল সড়কের পাশের একটি ভবনে ডা. শামসুল আলমের চেম্বারে ঢুকে পড়েন। সেখানে তাঁকে লক্ষ্য করে ইটের টুকরো ছোড়া হয়। প্রায় আধা ঘণ্টা পর পুলিশ এসে সাংসদকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। সাংসদ লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমি শুয়ে পড়ে রক্ষা পেয়েছি। একদিকে পুলিশের গুলি আর অন্যদিকে শ্রমিকদের ইটপাটকেলের মধ্যে আমি পড়েছিলাম।’সংবাদ সম্মেলন: বেলা সোয়া দুইটার দিকে বন্দর বিশ্রামাগারে ইয়াংওয়ানের সেক্টর-৭-এর মহাব্যবস্থাপক ফজলে রাব্বি তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে শনিবারের ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, শনিবার ইয়াংওয়ানের ১১টি ইউনিটে ভাঙচুরের ঘটনায় বহিরাগত শ্রমিকেরা জড়িত। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকা। রোববারও তাঁদের কারখানা ভাঙচুরের কবলে পড়ে।কর্তৃপক্ষের বক্তব্য: বিকেলে সিইপিজেডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের পরিস্থিতি ব্যাখা করা হয়। এ সময় সাংসদ লতিফ, মহিউদ্দিন চৌধুরী, বেপজার চেয়ারম্যান, পুলিশ কমিশনার, সিইপিজেডের মহাব্যবস্থাপক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এর আগে দুই ঘণ্টা ধরে তাঁরা রুদ্ধদ্বার বৈঠক করেন।বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা শ্রমিকপক্ষ এবং কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সোমবার থেকে সিইপিজেডের সব কারখানা চালুর সিদ্ধান্ত নিয়েছি। শ্রমিকদের কিছু ভুল ছিল, কর্তৃপক্ষেরও কিছু ভুল ছিল। এ কারণে ঘটনা ঘটেছে। এখন সবকিছুর অবসান হয়েছে।’বেপজার চেয়ারম্যান সরকারি নিয়ম অনুযায়ী নিহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা করার কথা জানান। তিনি বলেন, ‘এ ঘটনায় বহিরাগত লোকদের উসকানি ছিল। ইপিজেডে কোনো লুঙ্গি পরা লোক চাকরি করে না। এখানে লুঙ্গি পরা লোকজন ডাইরেক্ট অ্যাকশনে গেছে। বেতনের দাবিতে এত বড় ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। এর পেছনে অন্য কারণ আছে।’চট্টগ্রামের ঘটনা খতিয়ে দেখতে বেপজার এক সদস্যকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়ে বেপজার চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয়ভাবে গঠিত এই কমিটির সদস্যরা সোমবার (আজ) চট্টগ্রাম এসে কাজ শুরু করবেন।