চট্টগ্রামে শ্রমিক লীগের হাতে সাংবাদিক লাঞ্ছিত
চট্টগ্রামে আজ শুক্রবার রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুপুরে নগরের সিআরবি রেলওয়ের ডাকবাংলোয় যোগাযোগমন্ত্রীর প্রেস ব্রিফিংয়ের পরপরই এ ঘটনা ঘটে। এর আগে মন্ত্রীর ব্রিফিংকালে সাংবাদিকদের দুটি মোবাইল ফোনসেট ও একটি টেপরেকর্ডার খোয়া যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন দুপুর ১২টার দিকে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন। ব্রিফিংয়ের শেষ পর্যায়ে রেলওয়ে শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মো. লোকমানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী ঘটনাস্থলে মিছিল নিয়ে ঢুকে মন্ত্রীকে ফুল দেন। তাঁরা চলে যাওয়ার পর মন্ত্রীর সামনের টেবিলে থাকা সাংবাদিকদের একটি টেপরেকর্ডার ও দুটি মোবাইল ফোনসেট খোয়া যায়। খোয়া যাওয়া টেপরেকর্ডারটি ডেইলি স্টারের সাংবাদিক দ্বৈপায়ন বড়ুয়ার। এ ছাড়া মোবাইল সেট দুটি বাংলানিউজের শিউলি হাজেরা এবং চ্যানেল আইয়ের সাজিব আহমেদের। এ সময় মন্ত্রী অন্য কক্ষে চলে যান।মোবাইল সেট ও রেকর্ডার খোয়া যাওয়ার বিষয়টি সাংবাদিকেরা শ্রমিক লীগ নেতাদের জানালে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাংবাদিকদের ওপর চড়াও হন শ্রমিক লীগের নেতারা। তাঁরা সাংবাদিকদের গালাগাল দেন। একপর্যায়ে তাঁরা সাংবাদিকদের ধাক্কা দিতে থাকেন।শ্রমিক লীগের নেতারা অভিযোগ করেন, সাংবাদিকেরা তাঁদের চুরির অপবাদ দিয়েছেন। তাঁরা কেবল অভিযোগের প্রতিবাদ করেছেন।দ্বৈপায়ন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘মোবাইল ফোনসেট খোয়া যাওয়া এবং শ্রমিক লীগের নেতাদের হাতে সাংবাদিকদের লাঞ্ছিত হওয়ার কথা শুনে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আমাদের ডেকে নিয়ে টাকা দিতে চেয়েছিলেন। আমরা তা নিইনি।’ মোবাইল চুরি ও লাঞ্ছিত করার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে। মন্ত্রীর সঙ্গে থাকা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের বলেন, রেকর্ডার ও মোবাইল ফোনসেট খোয়া যাওয়ার কথা শুনে তাত্ক্ষণিক মন্ত্রী সাংবাদিকদের ডেকে দুঃখ প্রকাশ করেছেন। তবে মন্ত্রী চলে যাওয়ার পরই শ্রমিক লীগের নেতাদের সঙ্গে সাংবাদিকদের বাদানুবাদ হয়।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।