চট্টগ্রামে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ৫ মামলা
চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর, গোলাগুলি ও চারজন নিহত হওয়ার ঘটনায় পৃথক পাঁচটি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ও আজ বুধবার সকালে সংশ্লিষ্ট থানায় এসব মামলা হয়।নগরের মুরাদপুরে মঙ্গলবার দুপুরে শিবিরের তাণ্ডবের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে পাঁচলাইশ থানায়। মামলা তিনটির বাদী উপপরিদর্শক (এসআই) মো. মামুন। দ্রুত বিচার আইন, অস্ত্র আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় এসব মামলা হয়।জানা গেছে, দ্রুত বিচার আইনে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। অস্ত্র আইনের মামলায় আটজনের নাম উল্লেখ করে এবং পুলিশের ওপর হামলার ঘটনায় করা অপর মামলাটিতে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিবিরের একটি সশস্ত্র মিছিল বহদ্দারহাট থেকে মুরাদপুর এসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।একই সময় নগরের অলংকার মোড়ে শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। ওই ঘটনায় এসআই মো. শাহজাহান বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেন। হত্যা ও বিস্ফোরণ আইনে করা মামলাটিতে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় হাজার জনকে আসামি করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, হত্যা ও বিস্ফোরণ আইনে মামলাটি করা হয়েছে।নগরের ডবলমুরিং থানায় অপর একটি মামলা করেন থানার এসআই মনির হোসেন। হত্যা ও ভাঙচুর আইনে করা এই মামলায় এজাহারভুক্ত আসামি ছয়জন। অজ্ঞাত আসামি করা হয়েছে ৫০০ জনকে।মঙ্গলবার সন্ধ্যায় আগ্রাবাদ ও দেওয়ানহাটে শিবিরের তাণ্ডবের ঘটনায় এ মামলাটি করা হয় বলে জানান সিএমপির ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার হাসানুজ্জামান মোল্লা। আগ্রাবাদের ঘটনায় তিনজন নিহত হন।