চট্টগ্রামে সওজের ৭ প্রকল্প অর্থাভাবে স্থবির
চট্টগ্রামে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গুরুত্বপূর্ণ সাতটি প্রকল্পের কাজ অর্থাভাবে থমকে আছে। ৪০৮ কোটি টাকার এই সাত প্রকল্পে গত তিন অর্থবছরে মিলেছে মাত্র ৪৭ কোটি টাকা, যা মোট ব্যয়ের মাত্র ১১ শতাংশ।খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো প্রকল্পের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পরে মেয়াদ বাড়ানো হলেও টাকার অভাবে প্রকল্পগুলো বর্ধিত মেয়াদে বাস্তবায়িত হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।নগরের বহদ্দারহাট-তৃতীয় সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ তেমনই একটি প্রকল্প। ১৫৩ কোটি টাকার প্রকল্পটি ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা। তবে এখন পর্যন্ত এ প্রকল্পের কাজ হয়েছে মাত্র ২ শতাংশ।অন্য প্রকল্পগুলো হচ্ছে: ১২৯ কোটি টাকার চট্টগ্রাম-রাঙামাটি সড়ক সম্প্রসারণ, ৬০ কোটি টাকার বিভিন্ন উপজেলার নয়টি সড়ক উন্নয়ন, ১৪ কোটি টাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ, ১০ কোটি টাকার রাজারহাট সেতু নির্মাণ, তিন কোটি টাকার রাঙ্গুনিয়ার শিলক সেতুর অসমাপ্ত কাজ শেষ করা এবং ৩৭ কোটি টাকার জরুরি পুনর্বাসন প্রকল্প।বহদ্দারহাট-তৃতীয় সেতু সংযোগ সড়ক চার লেনে উন্নীতকরণ: সওজ সূত্রে জানা গেছে, পাঁচ কিলোমিটার দীর্ঘ বহদ্দারহাট সংযোগ সড়কটির চার লেনে উন্নীতকরণ কাজ শুরু হয় ২০১০ সালের শেষ দিকে। কিন্তু গত দুই বছরে এ প্রকল্পে বরাদ্দ মিলেছে মাত্র চার কোটি টাকা। ওই টাকা দিয়ে সড়কের সেতুর পাইলিং, সড়ক পরিচ্ছন্নকরণ ও ভূমি অধিগ্রহণের প্রথম ধাপের কাজ করা হয়েছে।প্রকল্পের বাস্তবায়ন নিয়ে খোদ সওজের প্রকৌশলীরা হতাশ। এ প্রসঙ্গে সওজের উপবিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ প্রথম আলোকে বলেন, এই মেয়াদে প্রকল্পের কাজ শেষ হবে না, সেটা নিশ্চিত। টাকা চেয়ে ইতিমধ্যে লিখিত আবেদন করা হয়েছে। প্রকল্পের প্রথম অর্থবছরে বরাদ্দ আসে মাত্র এক কোটি টাকা। চলতি অর্থবছরে মিলেছে তিন কোটি টাকা।প্রকৌশলীরা জানান, বহদ্দারহাট-তৃতীয় সেতু সড়কের কাজ শেষ না হলে নির্মাণাধীন বহদ্দারহাট উড়ালসেতুর সুফল থেকে বঞ্চিত হবে নগরবাসী। বহদ্দারহাট মোড়ে নির্মাণাধীন এই উড়ালসেতুর কাজ চলতি বছরে শেষ হবে বলে আশা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। কিন্তু বহদ্দারহাট সংযোগ সড়কের সম্প্রসারণকাজ বিলম্বিত হলে কর্ণফুলী তৃতীয় সেতু ও সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ছয় বছরের পুরোনো প্রকল্প: চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পটি গ্রহণ করা হয় ২০০৫ সালের জুলাই মাসে। শেষ হওয়ার কথা ছিল ২০০৮ সালে। ১৪ কোটি ৫৮ লাখ টাকার এই প্রকল্পের মেয়াদ দ্বিতীয়বারের মতো বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত বরাদ্দ মিলেছে ছয় কোটি ৫৯ লাখ টাকা। ছয় বছরে এ প্রকল্পের মাত্র ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।কাজের মধ্যে রয়েছে চারটি সেতু নির্মাণ, ১৬টি কালভার্ট ও ১০টি বাস বে (অস্থায়ী কিংবা মৌসুমি হাটবাজার বসার সুবিধার্থে সড়কের উভয় পাশের বর্ধিতাংশ) নির্মাণ। এর মধ্যে ব্রাহ্মণহাট ও ব্যাঙছড়ি সেতু দুটি ছাড়াও ১৬টি কালভার্ট নির্মাণকাজ শেষ হয়েছে। আরও দুটি সেতুর নির্মাণকাজ চলছে। এ বছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছে সওজ কর্তৃপক্ষ।অন্যান্য প্রকল্প: অন্যান্য প্রকল্পের মধ্যে ‘জেলা সড়ক উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ৬০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উপজেলার নয়টি সড়কের উন্নয়নকাজ চলছে। গত তিন বছরে এ প্রকল্পে বরাদ্দ এসেছে ২০ কোটি টাকা। প্রকল্পের ৩২ শতাংশ কাজ শেষ হয়েছে। সওজের কর্মকর্তারা জানান, প্রকল্পটির মেয়াদ আরও দুই বছর বাড়ানোর আবেদন করা হয়েছে।১২৯ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত অংশে চলমান সম্প্রসারণ প্রকল্পটি অর্থাভাবে কাটছাঁট করা হয়েছে। শুরুতে ছয় লেন করার কথা থাকলে টাকার অভাবে চার লেনে উন্নীত করেই প্রকল্পটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে সওজ।এদিকে তিন কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে রাঙ্গুনিয়ার শিলকের অসমাপ্ত সেতুর কাজ শেষ করার প্রকল্পে এখন পর্যন্ত বরাদ্দ পাওয়া গেছে দেড় কোটি টাকা। সেতুর ৪৭ শতাংশ কাজ শেষ হয়েছে।রাঙ্গুনিয়া উপজেলায় শিলক নদের ওপর রাজারহাট সেতু নির্মাণের প্রকল্পটি গ্রহণ করা হয় ২০১০-১১ অর্থবছরে। ১০ কোটি ২০ লাখ টাকার এ প্রকল্পের কাজ শুরু হয় ২০১১-১২ অর্থবছরে। প্রকল্পে এখন পর্যন্ত পাওয়া এক কোটি টাকা বরাদ্দে মাত্র ১০ শতাংশের কাজ শেষ হয়েছে। সংশোধিত বার্ষিক কর্মসূচির (আরএডিপি) আওতায় ক্ষতিগ্রস্ত সড়কসমূহের জরুরি পুনর্বাসন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি টাকা। দুই অর্থবছরে বরাদ্দ পাওয়া গেছে মাত্র সাড়ে তিন কোটি টাকা। প্রকল্পটির মাত্র ৯ শতাংশ কাজ শেষ হয়েছে।অর্থাভাবের বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া প্রথম আলোকে বলেন, সব কটি প্রকল্পের কাজই অর্থবরাদ্দ অনুসারে চলছে। যেটুকু বরাদ্দ পাওয়া গেছে, তার শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। দু-একটি প্রকল্পে ঠিকাদারদের অনুরোধ করে অগ্রিম কিছু কাজও করিয়ে রাখা হয়েছে। তিনি বলেন, অর্থবরাদ্দ পেলে মেয়াদের মধ্যেই পুরো কাজ শেষ করা সম্ভব।