চট্টগ্রামে ঠিকাদার সঞ্জীব দাশ খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জহিরুল ইসলাম নামে ওই যুবককে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। জহিরুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে, যুবলীগ নামধারী সন্ত্রাসীরা ঠিকাদারকে হত্যা করেছে। গত বুধবার রাতে নগরের টাইগারপাস এলাকার ক্রীড়াচক্র ক্লাবের সামনে সন্ত্রাসীরা ঠিকাদার সঞ্জীবকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় তাঁর স্ত্রী কৃষ্ণা দাশ বাদী হয়ে ওই রাতে পাঁচজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার আসামিরা হলেন আলী হোসেন ওরফে ছগির আলী, রিফাত জাবেদ ওরফে ড্যানি ওরফে ডন, রাহুল চক্রবর্তী, মুশফিকুর রহমান ওরফে ব্যাপ্তি ও হুমায়ুন কবির ওরফে মুরাদ। তাঁদের সঙ্গে অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের পেছনে দরপত্র নিয়ে বিরোধ একটি বড় কারণ। এ ছাড়া জুনিয়র-সিনিয়র দ্বন্দ্বও এর সঙ্গে যোগ হয়েছে। হামলাকারী যুবকেরা ও নিহত সঞ্জীব টাইগারপাস ক্রীড়াচক্র ক্লাবের সদস্য। হত্যাকাণ্ডের সময় ২০-২৫ জন ক্লাবে ছিলেন। জুনিয়র গ্রুপের ছেলেরা সিনিয়রদের ওপর হামলা চালায়। হামলাকারী পাঁচ-ছয়জন সন্ত্রাসীকে আমরা চিহ্নিত করেছি।’ওসি বলেন, ‘আজগর ও সঞ্জীব ক্লাবের সিনিয়র দলের সদস্য হিসেবে পরিচিত। জুনিয়র দলে আছেন আলী হোসেন, মুরাদ, ডন, রাহুল ও ব্যাপ্তিরা। শামীম এই দলের অন্যতম নেতা বলে আমরা জেনেছি।’পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রেলওয়ের একটি দরপত্র জমা নিয়ে বিরোধের জের ধরে গত বুধবার দুপুরের দিকে সঞ্জীবকে ক্লাবে যেতে বলেন জুনিয়র দলের সদস্যরা। সঞ্জীব বুধবার সন্ধ্যায় ক্লাবে উপস্থিত হলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা। সঞ্জীবের বন্ধু ক্লাবের সদস্য আজগর ওই সময় পালিয়ে রক্ষা পান।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় সঞ্জীবের ওপর হামলার নেতৃত্বে ছিলেন আলী হোসেন, মুরাদ ও ডন। সন্ত্রাসীরা সবাই রড ও লাঠিসোঁটা ব্যবহার করেন। হত্যাকাণ্ডের সময় শামীমও উপস্থিত ছিলেন। তাঁর হাতেও লাঠি দেখা গেছে।পুলিশ সূত্র জানায়, আলী হোসেন এই মামলার প্রধান আসামি। তাঁর লাঠির আঘাতেই সঞ্জীবের মৃত্যু হয় বলে পুলিশ মোটামুটি নিশ্চিত হয়েছে। ১৯৯৯ সালের ২৭ মার্চ নগরীর টাইগারপাস মোড়ে সিটি কলেজ ছাত্র সংসদের জিএস ছাত্রলীগের নেতা আমিনুল ইসলাম ওরফে স্বপন হত্যা মামলা এবং বিগত জোট সরকারের আমলে দেওয়ানহাট মোড়ের একটি তৈরি পোশাক কারখানার ৪১ লাখ টাকা ছিনতাইয়ের মামলার অন্যতম আসামি এই আলী হোসেন। চাঞ্চল্যকর এই দুই মামলার প্রধান আসামি শামীম। তাঁরা রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবি ভবন ও পাহাড়তলী রেলওয়ে প্রকৌশল দপ্তরের বিভিন্ন দরপত্র নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।এদিকে গ্রেপ্তার জহিরুল স্বীকার করেছেন, ঘটনার সময় বুধবার রাতে তিনি ক্রীড়াচক্র ক্লাবের সামনে ছিলেন। ঘটনার পরই তিনি পার্শ্ববর্তী দেওয়ানহাট মোড়ের একটি বাসায় আত্মগোপন করেন। বুধবার রাতেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। জহিরুলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।