চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় ছয় সাংবাদিক আহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় বিভিন্ন সংবাদপত্রের অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে নগরের জামাল খান লিচু বাগান এলাকায় প্রথম আলোর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাজউদ্দিন ওরফে তাজু (৩২), রাসেল (৩০) ও সারোয়ার (৩২) নামে তিন সন্ত্রাসীকে আটক করে। আরও কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থল থেকে প্রাইভেট কারযোগে পালিয়ে যায়।আহত সাংবাদিকেরা হলেন, প্রথম আলোর প্রণব বল, দি ডেইলি স্টারর দ্বৈপায়ন বড়ুয়া, দৈনিক কালের কণ্ঠর কমল দে, রবি শংকর, শিমুল নজরুল ও ভুইয়া নজরুল। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার জানান, ১০ থেকে ১৫ সদস্যের এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে স্কুল-কলেজগামী ছাত্রীদের ইভ টিজিংয়ের অভিযোগ রয়েছে। তারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। জানা যায়, আজ বিকেল পৌনে চারটার দিকে সন্ত্রাসীদের বহনকারী একটি প্রাইভেট কার জামাল খানে অবস্থিত প্রথম আলোর কার্যালয়ের নিচে পার্কিংয়ে থাকা অবস্থায় সাংবাদিক প্রণব বলের মোটরসাইকেল ইচ্ছাকৃতভাবে ফেলে দেয়। এরপর তারা ৫০ গজ দূরে এসে অবস্থান নেয়। সাংবাদিকেরা এর কারণ জানতে চাইলে সন্ত্রাসীরা তাঁদের ওপর চড়াও হয়। সন্ত্রাসীরা এ সময় সাংবাদিকদের এলোপাতাড়ি মারতে থাকে। সাংবাদিক হিসেবে পরিচয় পাওয়ার পরেও তারা ‘জবাই করে দেবে’ বলে ক্রমাগত হুমকি দিতে থাকে। ঘটনার সংবাদ পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে।সিএমপির উপকমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে দোষী সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) পৃথক বিবৃতিতে এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।