চট্টগ্রামে সমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি
চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ স্থগিত করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি চট্টগ্রাম। সরকারি অনুমোদন না পাওয়ার কারণে সমাবেশটি স্থগিত করা হয়।আজ সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ ঘোষণা দেন। তবে তাঁরা বলেছেন, সরকার কোরআনবিরোধী নারী নীতিমালা, সংবিধানকে ধর্মহীন করার অপচেষ্টা এবং আলেম ওলামা ও কওমি মাদ্রাসায় হয়রানি বন্ধ না করলে শীর্ষ ওলামাদের পরামর্শ নিয়ে সারা দেশে গণবিক্ষোভ, হরতাল-অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নেতারা বলেন, বিভাগীয় মহাসমাবেশের জন্য সব ধরনের নিয়ম মেনে আবেদন করা হলেও সরকার অনুমতি দেয়নি। তবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি ইসলামসম্মত নয় বলে নেতারা মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মঈনুদ্দীন রুহী। উপস্থিত ছিলেন কমিটির আমির শাহ মুহিববুল্লাহ, হাটহাজারী মইনুল ইসলাম মাদ্রাসার মুহাদ্দিস শামসুল আলমসহ প্রমুখ।