চট্টগ্রামে সরকারি কর্মসূচির ৩৩০ বস্তা চাল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বহদ্দারহাটে হক মার্কেটের পাঁচটি দোকান থেকে আজ বুধবার সরকারি কর্মসূচির ৩৩০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় সরকারি চাল রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। প্রতি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তির নাম সুজিত কুমার মুহুরী। তাঁর দোকান থেকে ১৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের বস্তার গায়ে লেখা থেকে বোঝা যাচ্ছে, এগুলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের চাল।খাদ্য অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এ কে এম ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা জেনেছি, এগুলো পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর শান্তকরণ কর্মসূচির চাল। এগুলো হয়তো বিভিন্ন হাতবদল হয়ে বহদ্দারহাট পর্যন্ত এসেছে।’পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ষোলশহর এলাকায় একটি ট্রাক ট্রাফিক পুলিশের নির্দেশ অমান্য করে বহদ্দারহাটের দিকে চলে যায়। তখন পুলিশ ট্রাকটির পিছু নেয়। পরে পুলিশ দেখতে পায়, ট্রাকটি বহদ্দারহাট মোড়ের হক মার্কেটে ঢুকে পড়েছে। একপর্যায়ে ওই ট্রাক থেকে চাল নামাতে দেখে ট্রাফিক পুলিশ বিষয়টি পার্শ্ববর্তী চান্দগাঁও থানায় জানায়। এরপর চান্দগাঁও থানার পুলিশ এসে চাল আটক করে।চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইলিয়াস বলেন, ‘সরকারি চাল নিয়ে একটি ট্রাক বহদ্দারহাটে ঢোকার খবর পাই সকালে। আমি ছদ্মবেশে ট্রাকটির পাশে অবস্থান নিই। এরপর দেখি সেখান থেকে চাল ঠেলাগাড়িতে করে জয় ট্রেডার্স নামের একটি দোকানে রাখা হচ্ছে। আমি দোকানের মালিককে শনাক্ত করার চেষ্টা করি। কিন্তু ততক্ষণে নিজস্ব পোশাকে পুলিশ আসায় মালিক ও অন্যরা গা ঢাকা দেন।’ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ প্রথমে জয় ট্রেডিং নামের একটি দোকানে সরকারি চাল আটক করে। পরে দেখা যায়, পাশের আরও চারটি দোকানে একই ধরনের চাল বিক্রি হচ্ছে। এগুলো হচ্ছে মম ট্রেডিং, লক্ষ্মীভাণ্ডার, পাক পাঞ্জাতন ও রাউজান স্টোর। এর মধ্যে জয় ট্রেডার্স ও রাউজান স্টোর থেকে সবচেয়ে বেশি চাল আটক করা হয়। রাউজান স্টোরের মালিক সুজিত কান্তি মুহুরী প্রথম আলোর কাছে দাবি করেন, ‘আমি চালগুলো চাক্তাইয়ের রহমান স্টোর থেকে কিনেছি। তারা এ চাল রাঙামাটি থেকে সরাসরি আমার দোকানে সরবরাহ করেছে। তবে রহমান স্টোরের মালিক জিয়াউল হক বলেন, রাঙামাটি থেকে নয়, পাহাড়তলী বাজার থেকে কিনে আমরা বহদ্দারহাটে সরবরাহ করেছি। পাহাড়তলীর ব্যবসায়ীরা এগুলো রাঙামাটি থেকে আনতে পারে।’সরকারি কর্মসূচির চালের বাজার সম্পর্কে দুই রকম তথ্য পাওয়া গেছে। রাউজান স্টোরের মালিক সুজিত কান্তি বলেন, ৫০ কেজি ওজনের প্রতি বস্তা চাল এক হাজার ৩৮০ টাকায় কিনে এক হাজার ৪২০ টাকায় বিক্রি করেন তিনি। অর্থাত্ প্রতি কেজি চাল কেনা পড়ে ২৮ টাকা এবং বিক্রি ২৯ টাকা। আবার হক মার্কেটের আলম স্টোরের ব্যবস্থাপক মোহাম্মদ আলম বলেন, ‘সরকারি কর্মসূচির চাল থাই বিথি নাম দিয়ে বিক্রি করা হয়। তখন প্রতি কেজি চালের দাম পড়ে ৩৬ টাকা, প্রতি বস্তা এক হাজার ৮০০ টাকা। অথচ কাছাকাছি আকারের মিনিকেট চাল বাজারে বিক্রি হয় ৪৩ টাকায়। সরকারি চালের কারণে আমাদের দোকানে প্রতিদিনের গড় বিক্রি অন্তত ৫০ হাজার টাকা কমে গেছে।’