চট্টগ্রামে সর্বোচ্চ ৯৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে এ পর্যন্ত ৪৪টি সরকারি প্রকল্পে ৪৮৭ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকার বরাদ্দ চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নিজের জেলা চট্টগ্রামে সর্বোচ্চ ৯৮ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদিত হয়েছে।সরকারি-বেসরকারি সমীক্ষায় দেশের সবচেয়ে জলবায়ু-বিপন্ন এলাকা খুলনা ও বরিশাল। দারিদ্র্য মানচিত্র ও ২০০৪ সালের খানা জরিপে সবচেয়ে দরিদ্রপ্রবণ এলাকা এ দুটি। সবচেয়ে কম দরিদ্রপ্রবণ বা অবস্থাপন্ন এলাকা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। জলবায়ু তহবিল থেকে খুলনা বিভাগে এককভাবে ২৪ কোটি ৪২ লাখ টাকার একটি প্রকল্প বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের সবচেয়ে ধনী জেলা ঢাকায় পাঁচটি প্রকল্পের মাধ্যমে ৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বরিশাল জেলা ছয়টি প্রকল্পের মাধ্যমে প্রায় ৭২ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। খানা জরিপ অনুযায়ী ঢাকা বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম ৩১ দশমিক ৯০ শতাংশ। তার পরই রয়েছে চট্টগ্রামে ৩২ শতাংশের কিছুটা বেশি। খুলনায় এই হার ৩৪ থেকে ৪৫ দশমিক ৮০ শতাংশ পর্যন্ত। রাজশাহী ও বরিশালে এই হার ৪৫ দশমিক ৮০ শতাংশ থেকে আরম্ভ হয়ে ৫২ শতাংশ পর্যন্ত। গত চার বছরে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ঘূর্ণিঝড় সিডর ও আইলা আঘাত করায় দারিদ্র্যের হার বেড়েছে বলে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা গেছে।২০০৯ সালের অক্টোবরে সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন অব পোভার্টি ইরাডিকেশন আইলা বিধ্বস্ত এলাকায় এক জরিপ চালিয়ে দেখতে পেয়েছে, আইলা আঘাত করার কারণে সেখানকার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের আয় ৪৪ শতাংশ কমে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ৬০ হাজার মানুষ কাজের খোঁজে অন্যত্র অভিবাসিত হয়ে চলে গেছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটের প্রায় ১০ লাখ হেক্টর জমি লবণাক্ততার কারণে বছরে একবার আবাদ হয়।বনায়নবিষয়ক একাধিক ও উপকূলীয় জেলাগুলোর জন্য অভিন্ন প্রকল্পগুলোতেও চট্টগ্রাম প্রাধান্য পেয়েছে। এমনকি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে বরাদ্দ দেওয়া ২৪ কোটি ৪০ লাখ টাকার একটি প্রকল্পে আইলায় ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে চট্টগ্রামকে বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের কাছে চট্টগ্রামে বেশি বরাদ্দ সম্পর্কে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয়ের কাছে জমা পড়া প্রকল্প প্রস্তাবনাগুলো থেকে যাচাই-বাছাই করে যেগুলো ভালো প্রকল্প পাওয়া গেছে, সেগুলোকে বরাদ্দ দেওয়া হয়েছে। আইলা ও সিডর এলাকায় অন্যান্য সরকারি প্রকল্প চলছে উল্লেখ করে তিনি বলেন, চেষ্টা করা হয়েছে যাতে কোনো কাজের পুনরাবৃত্তি না ঘটে। চট্টগ্রামের যত প্রকল্প: পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের নিজের নির্বাচনী এলাকা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন কর্ণফুলী সেচ প্রকল্পের (ইছামতী ইউনিট) আওতায় কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় ভাঙনকবলিত এলাকায় বাঁধ পুনরাকৃতিকরণ ও প্রতিরক্ষা কাজ শীর্ষক প্রকল্পে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে ২০ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ড্রেজিং ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনকে প্রায় চার কোটি টাকা, কুমিরা ফেরিঘাটের গাইড ওয়াল নির্মাণের জন্য চট্টগ্রাম জেলা পরিষদকে দুই কোটি ৪৮ লাখ ৭৬ হাজার টাকা ও চট্টগ্রামের সোনাইছড়িতে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠায় বন অধিদপ্তরকে ২১ কোটি ৬৪ লাখ টাকা দেওয়া হয়েছে।চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় কর্ণফুলী, হালদা, ইছামতী নদী ও শিলক খাল এবং এর শাখা নদীর ভাঙনকবলিত অংশে প্রতিরক্ষামূলক ও অবকাঠামো নির্মাণকাজের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে প্রায় ২০ কোটি টাকা। চট্টগ্রামে জাহাজ প্রক্রিয়াজাতকরণের জন্য একটি সম্ভাব্যতা যাচাই সমীক্ষার জন্য গ্রিন ডক হাউসকে দুই কোটি টাকা দেওয়া হয়েছে।রাজধানীর গুলশান, বারিধারা ও ধানমন্ডি এলাকা এবং চট্টগ্রামের নাসিরাবাদ ও খুলশী এলাকায় বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার ও পুনর্চক্রায়ন (থ্রিআর) পাইলট উদ্যোগ বাস্তবায়ন শীর্ষক প্রকল্পের জন্য পরিবেশ অধিদপ্তরকে ১৯ কোটি নয় লাখ ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে।চট্টগ্রামের পারকি বিচের পরিবেশগত ব্যবস্থাপনা প্রকল্পে পরিবেশ অধিদপ্তরকে এক কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, জলবায়ু প্রভাব নিরূপণ ও পরিবীক্ষণ কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গবেষণাগারের সমপ্রসারণ ও আধুনিকায়নে ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।