চট্টগ্রামে সাইবার অপরাধের দায়ে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইবার অপরাধে জড়িত থাকার অভিযোগ জিয়াউর রহমান চৌধুরী ওরফে বিকি চৌধুরী (২৮) নামের এক যুবককে গতকাল রোববার রাতে আটক করেছে পুলিশ। অভিযোগ, জিয়াউর রহমান চৌধুরী সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কখনো ছেলে, কখনো মেয়ে সেজে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে নানা রকম হুমকি দিতেন এবং তাঁর পাঠানো বিভিন্ন খুদে বার্তা দিয়ে ভবিষ্যতে ওই সব লোককে ব্ল্যাকমেইল করার আশঙ্কা ছিল বলে থানায় অভিযোগ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেনাসদস্যসহ সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি জিয়াউর রহমান চৌধুরীর হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জিয়াউরের বাড়ি কুমিল্লায়। নগরের হামজারবাগ এলাকায় তাঁর বাসা। তাঁর বাবার নাম মোখলেসুর রহমান। এ ধরনের কাজে তাঁর সঙ্গে আরও অনেকে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়ার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে জিয়াউরকে পাঁচলাইশ থানার পুলিশ নগরের প্রবর্তক মোড় থেকে আটক করে। অভিযানে নেতৃত্বদানকারী পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) আজিজ আহমেদ বলেন, ‘ফেসবুকে শিক্ষক, সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন লোকের সঙ্গে জিয়াউর রহমান বিভিন্ন পরিচয়ে কথা বলতেন। তিনি মোবাইল ফোনে বিভিন্ন ধরনের খুদে বার্তা পাঠাতেন এবং উপহার চাইতেন। তাঁর সঙ্গে কথা বলতে না চাইলে অন্য নম্বর থেকে নারীকণ্ঠে ফোন করতেন। মঞ্জুরুল কিবরিয়া কথা বলতে অস্বীকৃতি জানালে তিনি ফোনে হুমকিও দেন। ধারণা করা হচ্ছে, পরে গণ্যমান্য ব্যক্তিদের সামাজিকভাবে হেয় করার জন্যই তিনি এসব করতেন। এ চক্রে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’ জিয়া কখনো বিকি চৌধুরী, কখনো ফারিয়া ফারাহ অনিন্দিতা, কখনো জিয়াউর নামে ফেসবুকে বিভিন্ন লোকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। পরে তাদের সঙ্গে মুঠোফোনে আলাপচারিতা চালান। প্রায় এক মাস আগে মঞ্জুরুল কিবরিয়া এ বিষয়ে থানায় একটি জিডি করলেও পুলিশ তাঁকে জিয়াউরের সঙ্গে কথা চালিয়ে যেতে বলে। এভাবে ফাঁদ পেতে তাঁকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সাইবার ক্রাইম অপরাধে মামলার প্রক্রিয়া চলছে।