চট্টগ্রামে সাকা চৌধুরীর অনুসারী ৮ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিছিল ও সমাবেশের নামে ‘নাশকতামূলক তত্পরতায়’ জড়িত থাকার অভিযোগে পুলিশ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী বিএনপি ও ছাত্রদলের আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার বিকেলে আগ্রাবাদের সিজিএস কলোনি থেকে ছয়জন এবং আগ্রাবাদ ও সিআরবি এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নেতাদের মধ্যে নগর বিএনপির সাবেক সদস্য ও নগর ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, সাকার মালিকানাধীন কিউসি শিপিংয়ের কর্মকর্তা রাশেদ আছেন। ডবলমুরিং অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবিতে দলীয় অনুসারীদের সংগঠিত করার চেষ্টা চলছিল। নাজিমুর রহমান সিজিএস কলোনির বাসায় আজ বিকেলে গোপন বৈঠক করার চেষ্টা করেন। বৈঠকে সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাজিমুর রহমানসহ ওই বাসা থেকে ছয়জনকে গ্রেপ্তার করে।কোতোয়ালি থানার পুলিশ সূত্র জানায়, কিউসি শিপিংয়ের কর্মকর্তা রাশেদ গাড়ি ভাঙচুর ও জালিয়ে দিতে সাকার অনুসারীদের অর্থের জোগান দিয়ে আসছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়। একই সময় পূর্বাঞ্চল রেলওয়ে সদর দপ্তরের (সিআরবি) কাছে গ্রেপ্তার করা হয় ওমর আনসারীকে। তিনি সাকা চৌধুরীর কট্টর অনুসারী হিসেবে পরিচিত। অর্থ দিয়ে তিনিও দলীয় অনুসারীদের সংগঠিত করার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ ওঠে।