চট্টগ্রামে সাকা চৌধুরীর বিরুদ্ধে ৬টি জিডি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকাচৌ) বিরুদ্ধে আজ রোববার নগরের ছয়টি থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আবু তাহের নামের এক ব্যবসায়ী। তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এসব জিডি করেন। এর আগে আবু তাহের গত বছরের ৩ ডিসেম্বর সাকা চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আদালতে মামলা করেছিলেন। পুলিশ সূত্র জানায়, আজ নগরের চান্দগাঁও, বাকলিয়া, খুলশী, বায়েজীদ বোস্তামি, পাঁচলাইশ ও কোতোয়ালি থানায় পৃথক এ ছয়টি জিডি করা হয়। ব্যবসায়িক কাজে এসব থানা এলাকায় আবু তাহেরকে যেতে হয় উল্লেখ করে জিডিতে তাঁর নিরাপত্তা চাওয়া হয়। জিডিতে আবু তাহের উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার রায় নিয়ে কটূক্তি করায় সাকার বিরুদ্ধে গত বছরের ৩ ডিসেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তিনি রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন। এর পর থেকে তিনি সাকা চৌধুরী ও তাঁর অনুসারীদের রোষানলে পড়েন। তাই নিরাপত্তার স্বার্থে তিনি জিডি করেছেন।