চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে গোপন বৈঠকের অভিযোগে বিএনপির বিতর্কিত নেতা সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ৬৯ জন সমর্থককে পুলিশ আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের আলমাস সিনেমা হলের কাছে গুলশান ক্লাব থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের কোতোয়ালি থানাহাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রাঙ্গুনিয়া ও রাউজানের কয়েকজন সন্ত্রাসীও রয়েছে।পুলিশের সূত্র জানায়, আটক ব্যক্তিরা সাকা চৌধুরীসহ যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিয়ে সরকারের নেওয়া বিভিন্ন নীতি বাস্তবায়নের বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণ ও হরতালসহ বিভিন্ন কর্মকাণ্ড সফল করতে ওই গোপন বৈঠকের আয়োজন করে। পুলিশি অভিযানের সময় তাঁরা প্রথমে নিজেদের ‘নিরপেক্ষ’ এবং পরে বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের সমর্থক বলে দাবি করেন। পরে তাঁরা নিজেদের সাকা চৌধুরীর সমর্থক বলে স্বীকার করেন।পুলিশ জানায়, আটক ৬৯ জনের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন: আবদুল মালেক, হোসেন আহমদ, মুসা শিকদার, আবু জাফর, মোহাম্মদ ইউসুফ, নবাব মিয়া, মোহাম্মদ ইউনুস ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ। তাঁদের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া ও রাউজানে। কয়েকজনের বিরুদ্ধে মামলা আছে। পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘নারী নীতিসহ সরকারের বিভিন্ন নীতি বাস্তবায়নে বাধা দেওয়ার কৌশল নির্ধারণ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তির দাবিতে গুলশান ক্লাবে ওই গোপন বৈঠক ডাকা হয়। সেখানে অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করি। আমরা আটক প্রত্যেকের ব্যক্তিগত তথ্য যাচাই করে দেখেছি কয়েকজনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা আছে।’ গুলশান ক্লাব নামের ওই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক সোলায়মান জানান, ‘অধ্যাপক কুতুবউদ্দিন নামের এক ব্যক্তি বণিক সমিতির ব্যানারে সভা করতে তিন ঘণ্টার জন্য ক্লাবটি ভাড়া নেন। আমাদের জানানো হয়, সভায় উপস্থিতির সংখ্যা ১৫০ জন হতে পারে। তাই ওইভাবে চেয়ার সাজানো হয়। কিন্তু এটা যে রাজনৈতিক কর্মসূচি, তা আমাদের জানা ছিল না।’আটক হওয়া কয়েকজন বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে নানা ধরনের তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। প্রথমে তাঁরা দাবি করেন, তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে বৈঠক করছিলেন। একবার বলেন, ‘আমরা মানবাধিকারকর্মী।’ আবার বলেন, ‘আমরা নোমান সাহেবের লোক।’ পরে তাঁরা নিজেদের সাকা চৌধুরীর সমর্থক বলে স্বীকার করেন।প্রসঙ্গত, আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে সাকা চৌধুরীর বিরোধী হিসেবে পরিচিত। তাঁদের উভয়ের গ্রামের বাড়ি রাউজানে। সাকা চৌধুরী ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ। এর আগে তিনি রাঙ্গুনিয়া থেকে দুবার সাংসদ নির্বাচিত হন। একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গত ১৬ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।এর আগে ৮ মার্চ সন্ধ্যায় সাকা চৌধুরীর মুক্তির দাবিতে পোস্টার ও প্রচারপত্র ছাপানো ও তা বিভিন্ন স্থানে বিলির অভিযোগে গোয়েন্দা পুলিশ আন্দরকিল্লা থেকে মাহমুদুল হাসান নিজামী ও মো. এনামুলকে আটক করে।