চট্টগ্রামে সাকার বাসভবন চত্বরে ট্রাইব্যুনালের তদন্ত দল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই সদস্যের তদন্ত দল আজ মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুডস হিলে সাকা চৌধুরীর বাসভবন চত্বরে গিয়েছে। ১৯৭১ সালে সেখানে একটি গ্যারেজে মুক্তিযোদ্ধাদের নির্যাতনের একটি কেন্দ্র এবং সেটির ওপরতলায় পাকিস্তানি সিন্ধি পুলিশের ক্যাম্প ছিল। সহকারী পুলিশ সুপার নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল সেটা এক ঘণ্টা পরিদর্শন করেছে।সাকার বাসায় যাওয়ার সময় তদন্ত দল ১৯৭১ সালে সাকার বাবার (ফজলুল কাদের চৌধুরী) লোকজনের হাতে নির্যাতিত একজন ব্যক্তিকে নিয়ে যায়। নির্যাতিত ব্যক্তির নাম সলিমুল্লাহ। তিনি সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।সলিমুল্লাহ সাংবাদিকদের জানান, ১৯৭১ সালের ২ এপ্রিল সাকার বাবার লোকজন তাঁকে ধরে গুডস হিল এলাকায় পাকিস্তানের সিন্ধি পুলিশ ক্যাম্পে নিয়ে যায়। সেখানে সাকার ছোট ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর উপস্থিতিতে তাঁকে এক রাত নির্যাতন করা হয়। পরের দিন তাঁর আত্মীয়স্বজন তাঁকে ছাড়িয়ে নিয়ে যায়।