চট্টগ্রামে সাকার বিরুদ্ধে নির্বাচন কমিশনের মামলা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা নিয়ে অসত্য বক্তব্য দেওয়ার জন্য এই মামলা করা হয়। আজ বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালি থানায় কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ১৩। সালাউদ্দিন কাদের চৌধুরী মামলার একমাত্র আসামি। এই ধরণের মামলায় কেউ দোষী সাব্যস্ত হলে সাকার ছয় বছরের সশ্রম কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান আছে।নির্বাচন কমিশনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ভোটর তালিকা নিয়ে মিথ্যা তথ্যে দেওয়ার পর সাকা চৌধুরির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়ন আইন ২০০৯ (১৮) ধারা অনুযায়ী এ মামলা করা হয়।’সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলাটি হয়েছে।সাকা চৌধুরী গতকাল বুধবার সকালে নগরের গুডস হিলের বাসভবনে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচন কমিশনের কাছে চট্টগ্রামের যে ভোটার তালিকা আছে তাতে অন্তত ৫৫ হাজার ভোটারের ছবি নেই। তাঁর এই অভিযোগ নির্বাচন কমিশন তাত্ক্ষণিকভাবে অস্বীকার করে। পরে কমিশনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এই ধরনের দায়িত্বহীন এবং অসত্য বক্তব্য দেওয়ার জন্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা হয় বলে জানা যায়।মামলার প্রতিক্রিয়ায় সাকা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘মামলার ভয় দেখিয়ে লাভ নেই। কারণ আমার শরীরে যতগুলো পশম আছে তার চেয়ে বেশি মামলা আমার বিরুদ্ধে আছে।’ তিনি বলেন, ‘আমার অভিযোগের কোনো সত্যতা না পেলে নির্বাচন কমিশন আমাকে তা জানাতে পারত। যে আইনে মামলা করেছে সেটা পরিবর্তনের ক্ষমতা তো আমরা রাখি।’